১৩ জুন, ২০২৩ ১২:৫২ পিএম

ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল বিএসএমএমইউ ভিসির কার্যালয়

ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল বিএসএমএমইউ ভিসির কার্যালয়
এ সময় চি‌কিৎসক‌দের স‌ঙ্গে নিরাপত্তারক্ষী‌দের হাতাহা‌তির ঘটনা ঘটে। 

মেডিভয়েস রিপোর্ট: মাসিক ভাতা ৫০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলরের (ভিসি) কার্যালয়ে বিক্ষোভ করছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ বিক্ষোভ শুরু করেন তারা।

এর আগে দুপুর ১২টার দিকে ভাতা দাবিতে বিএসএমএমইউ ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা। এ সময় নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

কিছুক্ষণ পর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাঁর কার্যালয়ে প্রবেশ করলে তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত চিকিৎসকরা।

এ সময় দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে কাজে ফিরে যাওয়ার কথা বলেন বিএসএমএমইউর ভিসি। তবে কার্যকর ঘোষণার দাবি জানিয়ে বিএসএমএমইউ ভিসির কার্যালয়ের মেঝেতে বসে বিক্ষোভ করতে থাকেন প্রশিক্ষণার্থীরা।  

এক পর্যায়ে চি‌কিৎসক‌দের স‌ঙ্গে নিরাপত্তারক্ষী‌দের হাতাহা‌তির ঘটনা ঘটেছে। এদিকে চিকিৎসকদের চারপাশে অবস্থান নিয়েছেন ৮-১০ জন পুলিশ সদস্য।

এর আগে সকাল ১১টায় প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের ব্যানারে বিএসএমএমইউ ক্যাম্পাসে অভিন্ন দাবিতে মানববন্ধন করেন মেডিকেলে উচ্চতর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকরা।

এতে উপস্থিত চিকিৎসকরা জানান, কর্মসূচি শেষে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে যাবেন তারা। ভাতা বৃদ্ধির বিষয়টি ভিসির কাছে থেকে লিখিত নেওয়া ছাড়া তারা সেখান থেকে বের হবেন না বলে ঘোষণা দেন।

চিকিৎসকদের তিন দফা দাবি হলো—মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান ও সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা।

তারা বলেন, ‘গত অর্থ বছরে বাজেটের ৬ হাজার ৫৫৮ কোটি টাকা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এবং নিয়মিতও প্রদান করা হচ্ছে না। এটি স্বাস্থ্যখাতের জন্য লজ্জা বিষয়।’

গত ৮ জুন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠক ও সংবাদ সম্মেলনে ১২ জুনের মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়ার সময় বেঁধে দেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, এ সময়ের মধ্যে দাবি না মানা হলে ১৩ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা।

তবে গত ১১ জুন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) স্মারকলিপি দিতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের ভাতা নিয়ে ১৫ জুন সন্তোষজনক আলোচনার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ১৩ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত স্থগিত করে পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। 

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক