হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে অভিযান, জব্দ পান-সুপারি ও জর্দা
মেডিভয়েস রিপোর্ট: মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস মেডিভয়েসকে বলেন, ‘হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা রোগী ও স্বজনদের অনেকবার কাউন্সেলিং করেছি, মাইকিং করেছি। তারপরও দেখেছি, অনেকে কোনো কথাই শুনছেন না। তাঁরা যত্রতত্র পান খাচ্ছেন এবং হাসপাতালের মেঝে, বাথরুম, বিভিন্ন দরজা-জানালায় পানের পিক ফেলছেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসকের কার্যালয়ের আইনশৃঙ্খলা কমিটিরও এ বিষয়ে নির্দেশনা ছিল। সে অনুযায়ী আমরা কাজ করছি। আজও এ বিষয়ে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা রোগী ও স্বজনদের বোঝাচ্ছি এবং এর ক্ষতিকর দিকগুলো ব্যাখ্যা করছি।’
মৌলভীবাজার জেলায় পান খাওয়ার প্রবণতা একটু বেশি জানিয়ে ডা. প্রণয় বলেন, এখানকার মানুষ পান খাওয়ায় বেশি আসক্ত। আমাদের পার্শ্ববর্তী হবিগঞ্জ ও সুনামগঞ্জের হাসপাতালগুলোতেও এ প্রবণতা রয়েছে। এমনকি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও এ সমস্যা দেখা গেছে।
টিআই/