গোপালগঞ্জের এমপি ডা. বাবরের মালিকানাধীন হাসপাতালে হামলা-ভাঙচুর
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হাসপাতালটির নিচতলায় অবস্থিত ডা. বাবরের ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত ৮টার দিকে শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত হাসপাতাল ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্টদের ভাষ্য, বুধবার রাতে একদল লোক হাসপাতাল ভবনের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে ভবনের নিচতলায় প্রবেশ করে হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার, অভ্যর্থনাকক্ষ, চিকিৎসকদের চেম্বার ও সংসদ সদস্যের কার্যালয়ে ভাঙচুর চালান।
হামলাকারীরা হাসপাতালের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পর তিনটি চেয়ারসহ কয়েকটি আসবাবপত্র ভবনের বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া হাসপাতালের কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন কর্মীরা।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলার সময় সেখানে তিনজন রোগী ভর্তি ছিলেন। তাদের দেখাশোনার জন্য কয়েকজন নার্সও দায়িত্বে ছিলেন। ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে রোগী ও নার্সরা হাসপাতাল ছেড়ে চলে যান। তবে কাউকে মারধর করা হয়নি।
পাঁচতলা ভবনটির প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালিত হয়। পঞ্চম তলার নির্মাণকাজ চলমান। ভবনের নিচতলায় ডায়াগনস্টিক সেন্টার, অভ্যর্থনাকক্ষ, চিকিৎসকদের চেম্বার এবং সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয় রয়েছে।
ভবনটির তত্ত্বাবধায়ক খাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় হাসপাতালে তিনজন রোগী ভর্তি ছিলেন। তাদের সেবায় কয়েকজন নার্স দায়িত্ব পালন করছিলেন। হামলার পর রোগী ও নার্সরা হাসপাতাল ছেড়ে চলে যান। তবে কাউকে মারধর করা হয়নি।
এদিকে ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলায় থাকা রোগীদের কেবিনে হামলাকারীরা প্রবেশ করেননি বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
এমআর/