গোপালগঞ্জ মেডিকেলে নিষিদ্ধ সংগঠনের তাণ্ডবে আতঙ্কিত শিক্ষার্থীরা, ক্লাস-পরীক্ষা বন্ধের দাবি
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জ মেডিকেল কলেজের গেটে ভাঙচুর, টায়ারে অগ্নিসংযোগ এবং ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) ক্যাম্পাসে এসব ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, আগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখতে হবে। এসব সহিংস ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা।
কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আসিফ খান মেডিভয়েসকে বলেন, গতকাল সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে আসেন। এ সময় তাঁরা বিএনপি ও অন্যান্য দলের ব্যানার ভাঙচুর করেন। ভাঙচুরের একপর্যায়ে সন্ধ্যার দিকে সেখানে সীমিত পরিসরে আগুন জ্বালানো হয়।
আমাদের কলেজে দুটি গেট রয়েছে। একটি নার্সিং গেট, অন্যটি মেইন গেট। নার্সিং গেটের সামনে তাঁরা টায়ারে অগ্নিসংযোগ করে। এ ছাড়া গোপালগঞ্জ মেডিকেল কলেজের যে সাইনবোর্ডে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক নাম লেখা ছিল, সেটিও ভাঙচুর করা হয়। সাইনবোর্ডটি খুলে ফেলা হয়।’
এ ঘটনায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন ও শঙ্কিত। নিজেদের অনিরাপদ মনে করছেন তাঁরা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাত থেকেই অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তাঁরা। তবে এখন পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আসিফ খান বলেন, ‘আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, কোনো ধরনের সহিংসতার শিকার হতে নয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ থাকা দরকার। কিন্তু বর্তমানে সেই পরিবেশ নেই। আমরা চাই, আমাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং কোনো শিক্ষার্থী যেন অনাকাঙ্ক্ষিত হামলার শিকার না হন।’
বর্তমান পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম চালু রাখার মতো পরিবেশ নেই বলেও মনে করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, এ অবস্থায় কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে বা হামলার শিকার হলে এর দায়ভার কে নেবে? শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।
তারা আরও বলেন, ‘আমরা মনে করি, জীবনের মূল্য শিক্ষার চেয়ে বেশি। পাঁচ-সাত দিন বা আরও কিছুদিন পর পড়াশোনা শুরু করলে তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব সারা জীবন থেকে যাবে। আমরা চাই না, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হোক।’
এদিকে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ১২তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক রহমান বলেন, নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। ক্যাম্পাসের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।
ইশতিয়াক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বজায় রাখতে তাঁরা সর্বাত্মক চেষ্টা করছেন। এ জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁরা নিজেরাও ক্যাম্পাসে অবস্থান করছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে কোনো শিক্ষার্থীর কোনো ধরনের ক্ষতি হলে এর সম্পূর্ণ দায়ভার প্রশাসনকে নিতে হবে। স্থানীয় প্রশাসন ও কলেজ প্রশাসন—উভয়কেই এ দায় নিতে হবে।’
ইশতিয়াক রহমানের মনেকরেন, কলেজের অধিকাংশ শিক্ষার্থী বাইরের জেলা থেকে এসেছেন। ফলে এ ধরনের পরিস্থিতিতে তাঁরা বেশি সমস্যায় পড়ছেন। ক্যাম্পাসে আতঙ্কজনক পরিবেশের পাশাপাশি দোকানপাট বন্ধ থাকায় খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহেও ভোগান্তি হচ্ছে তাঁদের।
একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে মতভিন্নতা রয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, একাংশ পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার পক্ষে।
তবে কলেজের তিনটি ব্যাচের একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাঁদের পরীক্ষা ও ভাইভার তারিখও ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি।
ইশতিয়াক রহমান বলেন, ‘এ পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না করে আতঙ্কজনক পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া কঠিন। আমরা কলেজ প্রশাসনের কাছে দাবি জানাব, শিক্ষার্থীদের পরীক্ষা পেছানো হোক এবং আপাতত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হোক। আর যদি একাডেমিক কার্যক্রম চালু রাখা হয়, তাহলে প্রত্যেক শিক্ষার্থীর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
তাঁর মতে, একজন শিক্ষার্থীর ওপরও কোনো ধরনের হামলা বা আঘাত এলে এর দায়ভার প্রশাসন কিংবা কলেজ প্রশাসনকে নিতে হবে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. সোহেল উল্লাহ মেডিভয়েসকে বলেন, তিনি সরকারি প্রশিক্ষণে অংশ নিতে ঢাকায় রয়েছেন। ক্যাম্পাসের এসব ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
টিআই/