দাবি পূরণের আশ্বাস
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা ১৫ জুন পর্যন্ত স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: মেডিকেলে উচ্চতর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা বৃদ্ধির বিষয়ে সন্তোষজনক আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল (১৩ জুন) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত ১৫ জুন পর্যন্ত স্থগিত করেছে পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।
প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে আজ সোমবার (১২ জুন) সন্ধ্যায় মেডিভয়েসকে নিশ্চিত করেছেন এসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ।
তিনি বলেন, ‘আমরা গতকাল বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) গিয়েছিলাম। সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা স্যারসহ সকলেই আমাদের আশ্বস্ত করেছেন যে, ১৫ জুন তোমাদের দাবি-দাওয়ার বিষয়ে কথা হবে। সেখানে তোমাদের দাবির পক্ষে সন্তোষজনক কিছু একটা হবে।’
বিষয়টি নিয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন জানিয়ে ডা. সোহাগ বলেন, ‘স্যারদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ১৩ জুন থেকে সারাদেশে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছি। আমরা আপাতত এই কর্মসূচিতে যাচ্ছি না। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী, ওই দিন (১৩ জুন) শাহবাগে বিএসএমএমইউতে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’
এর মধ্যে দাবি-দাওয়া পূরণ না হলে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, ‘১৫ জুন আমাদের তিনটি দাবি তথা ভাতা পঞ্চাশ হাজার করা, নিয়মিত প্রদান এবং বকেয়া পরিশোধ করা—এগুলো বাস্তবায়ন করতে হবে। এর একটিও বাস্তবায়ন করা না হলে ১৫ জুন কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
গত ৮ জুন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠক ও সংবাদ সম্মেলনে ১২ জুনের মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়ার সময় বেঁধে দেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, এ সময়ের মধ্যে দাবি না মানা হলে ১৩ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা।
আলোচনায় পার্শ্ববর্তী দেশে পোস্ট গ্রাজুয়েট কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা পাওয়ার পরিমাণ তুলে ধরে বক্তারা বলেন, ‘ভারতে ৬৭ হাজার ৬৮৩ টাকা, পাকিস্তানে ৩৮ হাজার টাকা ভাতা দেওয়া হয়। আর আমাদের ভাতা ২০ হাজার টাকা, যা অমানবিক।’
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, ‘আমাদের এখন অসুস্থ রোগীদের পাশে থাকার কথা ছিল, কিন্তু নিরুপায় হয়ে মৌলিক অধিকার আদায়ে নামতে হয়েছে, যা দুঃখজনক।’
তারা আরও বলেন, ‘আমাদের যে ভাতা দেয়া হচ্ছে তা দিয়ে বর্তমান এই বাজারে জীবন নির্বাহ করা অসম্ভব। একজন চিকিৎসক অর্থনৈতিক সংকটে থাকলে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব না।’
দেশের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে চিকিৎসকদের প্রতিশ্রুতিশীলতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, ‘এই চিকিৎসকরা যে কত করুণ অবস্থায় আছে, তা বলে বুঝানো যাবে না। বাজেট ফেরত যাচ্ছে। কিন্তু চিকিৎসকরা পাচ্ছে না। তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের চিকিৎসা দিতে হলে চিকিৎসকের সুস্থ থাকতে হবে।’
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২০ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি
দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি