বিএসএমএমইউর নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা প্রদান
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ ভাতা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নন-রেসিডেন্ট চিকিৎসকদের মাঝে এ সংক্রান্ত চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক নন-রেসিডেন্টকে বকেয়া বাবদ গত নয় মাসের ভাতা হিসেবে ১ লক্ষ ৮০ হাজার টাকা করে মোট ১ হাজার ৩ শত ৪৯ জনের মাঝে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্র প্রমুখসহ সকল অনুষদের ডিন, চেয়ারম্যান ও অফিস প্রধানগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৫ জুন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ মেডিভয়েসকে জানান, ‘চেক হাতে পেয়েছি, চেক ভাঙানোর পরই নন-রেসিডেন্টদের মাঝে বকেয়ার ৩৬ কোটি টাকা বিতরণ করা হবে। আশা করি, আগামী দশ দিনের মধ্যে দিয়ে দিতে পারবো, সম্ভব হলে আরও আগে দিয়ে দিবো। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ‘নন-রেসিডেন্টদের বকেয়া বৃত্তির অর্থ বিএসএমএমইউকে বুঝিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়। এই বৃত্তির অর্থ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়। আগামী কয়েক দিনের মধ্যেই নন-রেসিডেন্ট চিকিৎসকদেরকে বকেয়া বৃত্তি প্রদান করা হবে।’
-
২১ মার্চ, ২০২১