১২ নভেম্বর, ২০২৬ ০৩:২৪ পিএম

ডায়াবেটিসে আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ, বিশেষায়িত সেবায় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি

ডায়াবেটিসে আক্রান্তে বিশ্বে অষ্টম বাংলাদেশ, বিশেষায়িত সেবায় ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি
বিশ্ব ডায়াবেটিস দিবসের সংবাদ সম্মেলনে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) নেতারা। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। পরিস্থিতির উন্নতি না হলে ২০৪৫ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ২৩ লাখে পৌঁছাতে পারে, উঠে আসতে পারে সপ্তম অবস্থানে। দেশে আক্রান্তদের বড় একটি অংশ এখনো জানেন না যে, তারা ডায়াবেটিসে ভুগছেন। এমন পরিস্থিতিতে রোগ প্রতিরোধ, আগাম শনাক্তকরণ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত পরীক্ষা, জীবনযাত্রায় পরিবর্তন এবং প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা সম্প্রসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। একই সঙ্গে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তারা।  

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) নেতারা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন, গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক ডা. তানজিনা হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি (নির্বাচিত) শাহজাদা সেলিম, ঢামেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মির্জা শরিফুজ্জামান এবং বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা।

এ সময় অধ্যাপক ডা. এম সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেশের বিশিষ্ট এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

ঝুঁকি কমাতে ওজন নিয়ন্ত্রণ ও শরীরচর্চা

সংবাদ সম্মেলনে বিইএস সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারিয়া আফসানা বলেন, সাধারণত ৩৫ বছর বা তার বেশি বয়সীদের বছরে অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। তবে বর্তমানে শিশু, কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। তাই শুধু বয়সের ভিত্তিতে নয়, ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় নিয়েও ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি।

তিনি বলেন, কোনো শিশু বা তরুণের ওজন অতিরিক্ত হলে এবং এর পাশাপাশি ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অনিয়মিত ঘুম, উচ্চ রক্তচাপ কিংবা অন্য কোনো হরমোনজনিত সমস্যা থাকলে আগেভাগেই ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। অর্থাৎ, যেসব শিশু ও তরুণের মধ্যে অতিরিক্ত ওজনের পাশাপাশি ডায়াবেটিসের এক বা একাধিক ঝুঁকিপূর্ণ উপাদান রয়েছে, তাদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা না করে আগেই পরীক্ষা শুরু করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

তিনি আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধে প্রি-ডায়াবেটিস ও উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। শরীরের ওজন ৫-৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

৩৫ বছর হলেই ডায়াবেটিস পরীক্ষা

তিনি বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী প্রত্যেকের ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের ওজন বেশি, পারিবারিক ইতিহাস রয়েছে, উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো প্রয়োজন। রক্তে গ্লুকোজ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট (ওজিটিটি) ও এইচবিএ১সি পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা যায়।

জটিলতা প্রতিরোধে রোগ শনাক্ত হওয়ার সময় থেকেই চোখ, কিডনি, স্নায়ু ও পায়ের রক্তসঞ্চালন পরীক্ষা এবং হৃদরোগের ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দেন তিনি। পাশাপাশি রক্তে শর্করা, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রত্যন্ত অঞ্চলে জনবল তৈরির তাগিদ

বিইএসের সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিসের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য সনদযুক্ত প্রশিক্ষণ, অনলাইন মেন্টরিং এবং সহজবোধ্য জাতীয় চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন জরুরি।

তিনি আরও বলেন, কমিউনিটি পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, স্ক্রিনিং কার্যক্রম এবং রোগীদের নিয়মিত ফলোআপ নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবার মান যাচাইয়ে জাতীয় পর্যায়ে রোগীর তথ্যভান্ডার ও ক্লিনিক্যাল অডিট ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ

বিইএসের সভাপতি (নির্বাচিত) ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম বলেন, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে শৈশব থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু করা প্রয়োজন।

তিনি আরও বলেন, স্কুলের ক্যান্টিনে চিনিযুক্ত পানীয় ও অস্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা কমানো, নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রম নিশ্চিত করা এবং পরিবারকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি গণমাধ্যমে ডায়াবেটিস বিষয়ে সঠিক তথ্য প্রচার এবং রোগ সারানোর নামে প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

গর্ভকালীন ডায়াবেটিসে মা-শিশুর জটিলতার ঝুঁকি

বিইএসের প্রেস ও মিডিয়া সেক্রেটারি এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. তানজিনা হোসেন গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সমন্বিত সেবার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে মা ও নবজাতক উভয়েরই বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ে। মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও প্রায় ৯ থেকে ১০ গুণ বেড়ে যায়। তাই গর্ভবতী নারীদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, গর্ভধারণের আগে পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত হলে খাদ্যাভ্যাস পরিবর্তন, ব্যায়াম ও রক্তে শর্করা পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজন হলে ইনসুলিন দিতে হবে। উপজেলা পর্যায়েও ইনসুলিন, গ্লুকোমিটার ও পরীক্ষার স্ট্রিপের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। সন্তান প্রসবের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে মায়ের পুনরায় ডায়াবেটিস পরীক্ষা এবং পরবর্তী সময়েও নিয়মিত ফলোআপ করতে হবে।

জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি

বিইএসের কোষাধ্যক্ষ ও ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মির্জা শরিফুজ্জামান দেশে একটি জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, ডায়াবেটিস ছাড়াও থাইরয়েড, স্থূলতা, অস্টিওপোরোসিস, ভিটামিন-ডি ঘাটতি, পিসিওএস, বন্ধ্যত্ব এবং বিভিন্ন হরমোনজনিত রোগের চিকিৎসায় বিশেষায়িত সেবা প্রয়োজন। এসব রোগের সমন্বিত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, উচ্চতর প্রশিক্ষণ এবং দেশীয় গবেষণা জোরদারে জাতীয় এন্ডোক্রাইন ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তার মতে, একই প্রতিষ্ঠানের অধীনে এন্ডোক্রাইনোলজিস্ট, শিশু এন্ডোক্রাইনোলজিস্ট, ডায়েটিশিয়ান, চক্ষু, কিডনি, হৃদরোগ ও অন্যান্য বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত সেবা চালু করা গেলে রোগীদের ভোগান্তি ও চিকিৎসাব্যয় কমবে। পাশাপাশি জন্মগত হাইপোথাইরয়েডিজমের মতো রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসার ক্ষেত্রেও জাতীয় পর্যায়ে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

ওষুধ সেবনেও নিয়ন্ত্রণহীন অনেকের ডায়াবেটিস

বিইএসের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফসার আহমেদ বলেন, নিয়মিত ওষুধ সেবনের পরও অনেক রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না। এর পেছনে রোগীর অনিয়ম, চিকিৎসকের সিদ্ধান্ত নিতে বিলম্ব এবং স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা—তিনটিই দায়ী।

তিনি বলেন, অনেক রোগী উপসর্গ না থাকলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। কেউ কেউ খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করেন না, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করেন না কিংবা ইনসুলিন নিতে ভয় পান। অন্যদিকে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও অনেক ক্ষেত্রে চিকিৎসকরা সময়মতো ওষুধের মাত্রা পরিবর্তন বা ইনসুলিন শুরু করেন না।

স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, এইচবিএ১সি পরীক্ষা, গ্লুকোজ মাপার স্ট্রিপ ও ইনসুলিনের সহজলভ্যতা সব জায়গায় সমান নয়। চিকিৎসার বড় অংশের ব্যয় রোগীকেই বহন করতে হয়। এ অবস্থায় প্রতি তিন মাস অন্তর এইচবিএ১সি পরীক্ষা, নিয়মিত ফলোআপ, রোগীকে স্ব-ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসা পরিবর্তন নিশ্চিত করতে হবে।

ডায়াবেটিস প্রতিরোধে বিইএসের ছয় দফা সুপারিশ

সংবাদ সম্মেলনে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী ৫ থেকে ১০ বছরের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা এবং ৩৫ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষার আওতায় আনা এবং কম বয়সীদের মধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম শনাক্তকরণ।

এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডায়াবেটিসের ওষুধ, গ্লুকোমিটার ও এইচবিএ১সি পরীক্ষার উপকরণ সরবরাহ নিশ্চিত করা, ডায়াবেটিসজনিত জটিলতা শনাক্তে স্ক্রিনিং কার্যক্রম চালু এবং সাশ্রয়ী ক্রয়নীতি ও সরকারি বরাদ্দ বাড়ানো এবং সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষা, সহজলভ্য ইনসুলিন সরবরাহ এবং সন্তান প্রসবের পর নিয়মিত ফলোআপ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বয়স উপযোগী স্বাস্থ্যশিক্ষা চালু, স্কুল ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী খাদ্যনীতি প্রণয়নের কথা বলেছে তারা।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আরও দাবি হলো—‘সরকারি পর্যায়ে এন্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং জেলা পর্যায়ে চিকিৎসকদের জন্য মেন্টরিং ব্যবস্থা চালু করা। ডায়াবেটিস রোগীদের জাতীয় তথ্যভান্ডার (রেজিস্ট্রি) গড়ে তোলা, বহুকেন্দ্রিক গবেষণা পরিচালনা এবং চিকিৎসাসেবার মান যাচাইয়ে নির্দিষ্ট সূচকভিত্তিক জবাবদিহি নিশ্চিত করা। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কমাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা নিশ্চিত, রোগীদের সচেতনতা ও স্ব-ব্যবস্থাপনা শিক্ষা বাড়ানো এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে নিয়মিত ফলোআপ ব্যবস্থা গড়ে তোলা।’

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু ওষুধের ওপর নির্ভর করলে চলবে না, বরং রোগ প্রতিরোধ, আগাম শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং নিয়মিত ফলোআপ—এই চারটি বিষয়কে সমন্বিতভাবে গুরুত্ব দিতে হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত