১১ নভেম্বর, ২০২৬ ০৬:৫৯ পিএম
আইএইএ-ডব্লিউএইচও-আইএআরসির যৌথ মূল্যায়ন মিশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্য বিএমইউর 

আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্য বিএমইউর 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সমন্বয়ে আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (আইএআরসি) যৌথ উদ্যোগে ইমপ্যাক্ট রিভিউ মিশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন গবেষণা ও উন্নয়নবিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার। এতে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাংলাদেশে ক্যান্সার একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা, প্রশমনসেবা, শিক্ষা ও গবেষণাকে সমন্বিত করে টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি জানান, বিএমইউতে ক্লিনিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি এবং প্যালিয়েটিভ মেডিসিনসহ ক্যান্সারসংশ্লিষ্ট পাঁচটি প্রধান বিভাগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন বিশেষায়িত ও সহযোগী বিভাগের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে বহুবিভাগীয় ক্যান্সার চিকিৎসার প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে উঠেছে।

বিদ্যমান বিভাগ ও সেবাগুলোকে সমন্বিত করে একটি আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট কমপ্রিহেনসিভ ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন উপাচার্য। প্রস্তাবিত ইনস্টিটিউটে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক শনাক্তকরণ, রেডিওথেরাপি, সার্জারি, সিস্টেমিক থেরাপি, প্রশমনসেবা, উচ্চতর চিকিৎসাশিক্ষা ও গবেষণাকে একই কাঠামোর আওতায় আনার লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, ক্যান্সার রেজিস্ট্রি প্রতিষ্ঠা, জাতীয় চিকিৎসা ও থেরাপিউটিক গাইডলাইন প্রণয়ন, আধুনিক প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

উপাচার্য আশা প্রকাশ করেন, আইএইএ, ডব্লিউএইচও ও আইএআরসির বিশেষজ্ঞদের মূল্যায়ন, সুপারিশ ও কারিগরি সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ মো. আকরাম হোসেন সমন্বিত ক্যান্সার চিকিৎসা, উচ্চতর বিশেষজ্ঞ প্রশিক্ষণ ও বহুবিভাগীয় গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অবকাঠামো ও দক্ষ জনবলের ঘাটতি পূরণ, আধুনিক রেডিওথেরাপি প্রযুক্তি সম্প্রসারণ, ক্যান্সার রেজিস্ট্রি প্রতিষ্ঠা এবং প্রমাণভিত্তিক চিকিৎসা নির্দেশিকা প্রণয়নে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন আইএইএর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইগোর ভেলজকোভিচ। এ ছাড়া আইএইএ, ডব্লিউএইচও ও আইএআরসির বিভিন্ন বিশেষজ্ঞ অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. উমা কুন্ডু পাভলোভিচ এবং ব্রেস্ট সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ ডা. আনা পাউলা কোরেয়া রিফিনেত্তি অনলাইনে অংশগ্রহণ করেন।

বিভাগভিত্তিক উপস্থাপনায় অংশ নেন সার্জিক্যাল অনকোলজির অধ্যাপক ডা. সামিয়া মুবিন, গাইনোকোলজিক্যাল অনকোলজির অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রকল্পের অধ্যাপক ডা. আশরাফুন নেসা, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজির অধ্যাপক ডা. আনোয়ারুল এবং প্যালিয়েটিভ মেডিসিনের অধ্যাপক ডা. এ কে এম মতিউর রহমান ভূঁইয়া।

তাঁরা ক্যান্সার চিকিৎসার বিদ্যমান সক্ষমতা, রোগীদের সেবাপ্রাপ্তি, বিশেষজ্ঞ জনবল, আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা ও গবেষণার সম্ভাবনা তুলে ধরেন। আলোচনায় ক্যান্সার স্ক্রিনিং ও প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, প্রশমনসেবা, উচ্চতর প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেন্টাল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, পাবলিক হেলথ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. আতিকুর রহমান, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আদনান মাসুদ ও অধ্যাপক ডা. লুৎফুল কবির, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুলতানা গুলশান বানু ও অধ্যাপক ডা. জিল্লুর রহমান, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. জান্নাত, পেইন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আখতারুজ্জামান,

আরও উপস্থিত ছিলেন ইউরো-অনকোলজির অধ্যাপক ডা. এম এ সালাম, গাইনোকোলজিক্যাল অনকোলজির অধ্যাপক ডা. সাবেরা খাতুন, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) সদস্য সচিব ডা. সাহিদা এবং বায়োকেমিস্ট্রি বিভাগের ডা. জেবা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আশা প্রকাশ করা হয়, যৌথ ইমপ্যাক্ট রিভিউ মিশনের মূল্যায়ন ও সুপারিশের ভিত্তিতে বিএমইউতে সমন্বিত ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এ উদ্যোগ দেশের ক্যান্সার রোগীদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কার্যক্রমের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক