গাজায় অপুষ্টিতে থমকে যাচ্ছে শিশুদের শারীরিক বৃদ্ধি, বাড়ছে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি
মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিনের যুদ্ধ, খাদ্যসংকট ও অপুষ্টির কারণে শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক শিশু বয়সের তুলনায় উচ্চতা ও ওজনে পিছিয়ে পড়ছে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবের পাশাপাশি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের সংকটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গাজার খান ইউনিসের সাত বছর বয়সী নাবিগা আল-জাকজুকের উচ্চতা মাত্র ৯৯ সেন্টিমিটার এবং ওজন ১০ কেজি। নিজের বয়সী শিশুদের তুলনায় উচ্চতা কম হওয়ায় সে প্রায়ই মাকে প্রশ্ন করে, ‘আমি কি কোনো দিন লম্বা হতে পারব?’
নাবিগার মা আলিয়া আল-জাকজুক জানান, যুদ্ধের আগে থেকেই পরিবারটি নানা সংকটে থাকলেও যুদ্ধ ও পরবর্তী অবরোধ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। পরিবারের খাবারের তালিকায় এখন রুটি ও কৌটাজাত খাবারই প্রধান। মাংস, ফলমূল ও শাকসবজি কেনার সামর্থ্য নেই। মেয়ের চিকিৎসা, ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে।
একই ধরনের সমস্যায় ভুগছে পাঁচ বছর বয়সী তালা জিদান। তার উচ্চতা মাত্র ৯৪ সেন্টিমিটার, যা তার বয়সী শিশুদের গড় উচ্চতার চেয়ে প্রায় ১৫ থেকে ১৬ সেন্টিমিটার কম। তালার বাবা তাহরির জিদান জানান, গত দুই বছরে মেয়ের উচ্চতা প্রায় বাড়েনি, বরং ওজন কিছুটা কমেছে। বাস্তুচ্যুতির পর চাকরি হারিয়ে পরিবারটি এখন দাতব্য কমিউনিটি রান্নাঘরের খাবারের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, পরিবারের জন্য এক কেজি মাংস, একটি মুরগি কিংবা এক কেজি ফল কেনার সামর্থ্যও তার নেই। রান্নাঘর থেকে পাওয়া খাবার পরিবারের সবার পেট ভরার আগেই শেষ হয়ে যায়।
অপুষ্টির ভয়াবহ চিত্র
আল জাজিরার প্রতিবেদনে ইউনিসেফ ও অংশীদার সংস্থাগুলোর একটি পুষ্টিবিষয়ক জরিপের তথ্য তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০২৬ সালের ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গাজার যেসব এলাকায় জরিপ চালানো সম্ভব হয়েছে, সেখানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ১২ দশমিক ২ শতাংশ খর্বাকৃতির সমস্যায় ভুগছিল। ছয় থেকে ২৩ মাস বয়সী শিশুদের মাত্র ২২ দশমিক ৪ শতাংশ ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য পাচ্ছিল।
পুষ্টিবিদ নাদা আবু আল-নাদা বলেন, গাজার সংকট শুধু খাবারের পরিমাণ কমে যাওয়ার নয়, খাবারের গুণগত মান ও বৈচিত্র্যও মারাত্মকভাবে কমেছে। মাংস, মাছ, ডিম, দুধ, ফলমূল ও শাকসবজির পরিবর্তে অধিকাংশ পরিবার রুটি, ভাত ও পাস্তার মতো খাবারের ওপর নির্ভর করছে।
তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধের আগে গাজায় জনপ্রতি দৈনিক খাদ্যপ্রাপ্যতা ছিল প্রায় ২ হাজার ৫৮০ ক্যালরি। বর্তমানে আনুমানিক খাদ্য গ্রহণের পরিমাণ কমে প্রায় ১ হাজার ক্যালরিতে দাঁড়িয়েছে, যা মানুষের স্বাভাবিক চাহিদার তুলনায় অত্যন্ত কম।
বাড়ছে চিকিৎসার সংকট
গাজার নাসের হাসপাতালের হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ হানি সাইয়েদ জুহাইর জানান, শিশুদের শারীরিক বৃদ্ধিজনিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যুদ্ধের আগে একটি চিকিৎসা সেশনে এ ধরনের রোগী আসত ১৫ থেকে ২০ জন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩০ থেকে ৪০ জনে দাঁড়িয়েছে। কখনো এর চেয়েও বেশি শিশু চিকিৎসা নিতে আসছে।
তিনি জানান, কিছু শিশুর হাড়ের বিকাশ আট বছর বয়সেও চার বছর বয়সী শিশুর পর্যায়ে রয়েছে। দীর্ঘদিনের অপুষ্টি, খাদ্যসংকট, ভিটামিন ও ওষুধের অভাব এর অন্যতম কারণ।
তবে শিশুদের কম উচ্চতার পেছনে শুধু অপুষ্টি নয়, হরমোনজনিত সমস্যা ও দীর্ঘস্থায়ী রোগও দায়ী হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, গাজায় গ্রোথ হরমোন পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা সরকারি পরীক্ষাগারগুলোতে নেই। বেসরকারি পরীক্ষাগারেও সীমিত পরিসরে এসব পরীক্ষা করা সম্ভব হচ্ছে। একটি পরীক্ষার জন্য ৩৫০ থেকে ৪০০ শেকেল খরচ করতে হয়। অন্যদিকে, গ্রোথ হরমোনের ইনজেকশনের প্রতি ডোজের দাম ৮০ থেকে ১২০ শেকেল।
যুদ্ধের কারণে আয় হারানো পরিবারগুলোর পক্ষে এসব ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
পুষ্টিবিদ নাদা আবু আল-নাদা বলেন, যথাসময়ে পুষ্টি ও চিকিৎসা নিশ্চিত করা গেলে কিছু শিশুর শারীরিক বৃদ্ধি পুনরুদ্ধার সম্ভব। তবে দীর্ঘদিনের অপুষ্টি এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সুযোগ কমে যায়। বিশেষ করে হাড়ের বৃদ্ধির প্লেট বন্ধ হয়ে গেলে হারানো উচ্চতা ফিরে পাওয়া কঠিন।
বিশেষজ্ঞদের মতে, অপুষ্টির প্রভাব শুধু শারীরিক বৃদ্ধিতে সীমাবদ্ধ থাকে না। এর ফলে পেশির গঠন দুর্বল হওয়া, রক্তস্বল্পতা, রোগ প্রতিরোধক্ষমতা হ্রাস, মনোযোগের ঘাটতি এবং মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
যুদ্ধের মানসিক চাপ, ঘুমের অভাব, বাস্তুচ্যুতি ও বারবার অসুস্থ হয়ে পড়াও শিশুদের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, গাজার হাজারো পরিবারের মতো নাবিগা ও তালার পরিবারও এখন প্রতিদিন খাবার জোগাড়ের সংগ্রামে ব্যস্ত। শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি ও চিকিৎসা নিশ্চিত করা তাদের কাছে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে।
মেয়ের প্রশ্নের জবাব দিতে পারেন না নাবিগার মা আলিয়া। কবে তার মেয়ে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, আদৌ পারবে কি না—তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির।
এমআর/
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক
বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’