১২ জুন, ২০২৩ ০৭:৫৩ পিএম

গবেষণায় ৪ কোটি টাকা অনুদান পেলেন বিএসএমএমইউর ৩৬৪ রেসিডেন্ট

গবেষণায় ৪ কোটি টাকা অনুদান পেলেন বিএসএমএমইউর ৩৬৪ রেসিডেন্ট
গবেষণায় অনুদানের চেক তুলে দিচ্ছেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাখাতে গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ৩৬৪ চিকিৎসককে ৩ কোটি ৮৬ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান (থিসিস গ্রান্ট) দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের ফেইস বি রেসিডেন্সি কোর্সের শিক্ষার্থী।

আজ সোমবার (১২ জুন) বিকেলে বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে ‘চিকিৎসকদের গবেষণা অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কৃতি এই চিকিৎসকদের হাতে অনুদানের চেক তুলে দেন।

এসময় অনুদান হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন রেসিডেন্ট চিকিৎসকরা। তাঁরা জানান, গবেষণা কাজে এ অনুদান তাঁদের পথচলায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষক ডা. মিলি দেব মেডিভয়েসকে বলেন, ‘এটি আমাদের এমডি শিক্ষার্থীদের প্রথম গবেষণা এবং এর মাধ্যমেই গবেষণায় হাতেখড়ি। আমরা এই থিসিস করে যেমন অনেক কিছু শিখতে পারছি, তেমন রোগীদের রোগ নিয়েও অনেক কিছু বিস্তারিত জানা যাচ্ছে। আমাদের আগামীর পথচলায় এই অনুদান বেশ সহায়ক হবে।’

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা বান্ধব। আমি যখন প্রথম দায়িত্বভার গ্রহণ করি, তখন গবেষণাখাতে বরাদ্দ ছিল ২ কোটি টাকা। তারপরের বছর সেটি বৃদ্ধি করে চার কোটিতে উন্নীত করি। গত ২০২২-২০২৩ অর্থবছরে সেই গবেষণা বাজেট পাঁচগুণ বৃদ্ধি করেছি। চার কোটি টাকা থেকে ২২ কোটি টাকায় উন্নীত করেছি। আমি এবারও আসন্ন বাজেটে গবেষণাখাতে আরও ২ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব রেখেছি। আশা করি, সিন্ডিকেট সেটি অনুমোদন করবে।’

তিনি আরও বলেন, ‘আমি আরেকটি উদ্যোগ নেব। বিশ্ববিদ্যালয়ের এমডি, এমএস রেসিডেন্সি কোর্সের শিক্ষার্থীরা পাঁচ বছর পড়াশোনা, গবেষণা ও রোগীর সেবা করে। তাঁদের এ পাঁচ বছর গবেষণার জন্য বিদেশের অনেক দেশে ক্লিনিক্যাল পিএইচডি ডিগ্রিও চালুর উদ্যোগ নেবো। এক্ষেত্রে রেসিডেন্টদের বাড়তি একটি কাজ করতে হবে, সেটি হলো, এই পাঁচ বছরের পড়াশোনা,  গবেষণা ও রোগীর সেবা নিয়ে একটি থেসিস পেপার জমা দিতে হবে। ফলে একই সঙ্গে দুটি ডিগ্রি পাবেন। একটি এমডি/এমএস এবং অন্যটি ক্লিনিক্যাল পিএইচডি ডিগ্রি।’

গবেষণা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো মনিরুজ্জামান খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আলী আসগড় মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক