১৫ জুন, ২০২৩ ০৮:২৮ পিএম

শনিবার সংবাদ সম্মেলন করবে পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা

শনিবার সংবাদ সম্মেলন করবে পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) বৈঠকে নির্দিষ্ট আশ্বাস পাননি বলে জানিয়েছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। তারা বলেন, পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর মহাখালীতে বিসিপিএসে যান তারা। তবে সেখানে সন্তোষজনক জবাব মেলেনি।

প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ সন্ধ্যায় মেডিভয়েসকে এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ আমরা বিসিপিএসে গিয়েছিলাম। আশা ছিল, আজকে সুনির্দিষ্ট কিছু আশ্বাস পাবো। কিন্তু আজকেও আমাদের সঙ্গে একই কথা বলা হয়েছে। বিসিপিএসের কাউন্সিলর টিটু মিয়া স্যারের সঙ্গে দেখা করেছি, স্যার আমাদের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিটিংয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। কবে মিটিং হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি।’

এমন পরিস্থিতিতে নিজেদের করণীয় জানাতে আগামী শনিবার (১৭ জুন) আবারও একটি সংবাদ সম্মেলন করবে প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন। সেখানে পরবর্তী দিকনির্দেশনা জানিয়ে দেবে তারা। তবে এখনো স্থান ও সময় ঠিক করেনি অ্যাসোসিয়েশন।

১৫ জুনের মধ্যে দাবি আদায় না হলে ফের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের উপর এমন কিছু অভিযোগ আনা হয়েছে যে, এখন আমরা কর্মবিরতিতে যাওয়ার জন্য প্রস্তুত নই। আমাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এমন অভিযোগ আনা না হলে আমরা আজ থেকেই কর্মবিরতিতে যেতাম। আমরা এখন বৃহত্তর স্বার্থে একটু সময় লাগলেও আমাদের অবস্থান পরিষ্কার করতে চাচ্ছি।’

ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় দাবি-দাওয়া তুলে ধরতে গত ১২ জুন বিসিপিএসে যায় বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। সেখানে বিসিপিএসের কাউন্সিলর অধ্যাপক ডা. টিটো মিঞাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেন, ১৫ জুন তাদের দাবি-দাওয়ার বিষয়ে কথা হবে। সেখানে তাদের দাবির পক্ষে সন্তোষজনক কিছু একটা হবে।

এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৫ জুন) বিসিপিএসে যায় প্রশিক্ষণার্থীরা। তবে সেখানে থেকে হতাশ হয়ে ফিরে আসেন তারা।

এর আগে গত ৮ জুন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠক ও সংবাদ সম্মেলন করে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা। এতে ১২ জুনের মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়ার সময় বেঁধে দেন তাঁরা। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, এ সময়ের মধ্যে দাবি না মানা হলে ১৩ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা।

আলোচনায় পার্শ্ববর্তী দেশে পোস্ট গ্রাজুয়েট কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা পাওয়ার পরিমাণ তুলে ধরে বক্তারা বলেন, ‘ভারতে ৬৭ হাজার ৬৮৩ টাকা, পাকিস্তানে ৩৮ হাজার টাকা ভাতা দেওয়া হয়। আর আমাদের ভাতা ২০ হাজার টাকা, যা অমানবিক।’

অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, ‘আমাদের এখন অসুস্থ রোগীদের পাশে থাকার কথা ছিল, কিন্তু নিরুপায় হয়ে মৌলিক অধিকার আদায়ে নামতে হয়েছে, যা দুঃখজনক।’

তারা আরও বলেন, ‘আমাদের যে ভাতা দেয়া হচ্ছে তা দিয়ে বর্তমান এই বাজারে জীবন নির্বাহ করা অসম্ভব। একজন চিকিৎসক অর্থনৈতিক সংকটে থাকলে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব না।’

দেশের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে চিকিৎসকদের প্রতিশ্রুতিশীলতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, ‘এই চিকিৎসকরা যে কত করুণ অবস্থায় আছে, তা বলে বুঝানো যাবে না। বাজেট ফেরত যাচ্ছে। কিন্তু চিকিৎসকরা পাচ্ছে না। তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের চিকিৎসা দিতে হলে চিকিৎসকের সুস্থ থাকতে হবে।’

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত