১৩ জুন, ২০২৩ ০১:৩৬ পিএম

সাত দিনের মধ্যে নন-রেসিডেন্টদের বকেয়া ভাতা: বিএসএমএমইউ ভিসি

সাত দিনের মধ্যে নন-রেসিডেন্টদের বকেয়া ভাতা: বিএসএমএমইউ ভিসি
ভিসি বলেন, ‘আমার কাজ হলো সরকারের সাথে কথা বলা। যতটুকু সম্ভব এ ভাতা বৃদ্ধির ব্যাপারে আরও কথা বলবো।’

মেডিভয়েস রিপোর্ট: আগামী সাত দিনের মধ্যে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১টায় আন্দোলনরত চিকিৎসকদের দাবির মুখে এ কথা বলেন তিনি।

বেসরকারি চিকিৎসকদের উদ্দেশ্য করে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বটতলা থেকে এখন পর্যন্ত এসেছো কথা বলতে। বলো, তোমাদের দাবি কি?’

চিকিৎসকরা এ সময় তাদের তিন দফা দাবি তুলে ধরেন। জবাবে তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে নন-রেসিডেন্টদের ভাতা ছিল না, আমি চালু করেছি, তোমরা জানো কিনা?’

ভাতা বৃদ্ধির বিষয়ে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘তোমাদের (চিকিৎসকদের) হয়ে আমি সচিবের সঙ্গে কথা বলেছি। আমার পক্ষে যা কিছু করা সম্ভব, তার সব করেছি। বাজেটে বরাদ্দের সময় ভাতা বৃদ্ধির বিষয়টি স্থান পেয়েছে। মন্ত্রীর সাথে কথা বলেছি। আমার কাজ হলো, সরকারের সাথে কথা বলা। যতটুকু সম্ভব এ ভাতা বৃদ্ধির ব্যাপারে আরও কথা বলবো।’

এ সময় চিকিৎসকরা বিএসএমএমইউ ভিসিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি আমাদের আশ্বাস দিয়েছেন। এখন আমরা জানতে চাই কবে আমাদের দাবি পূরণ হবে? আজকের মধ্যে লিখিত আকারে দিতে হবে।’

এ বিষয়ে ভিসি বলেন, ‘টাকা হাতে পাওয়ার পর তোমাদের টাকা দিবো। টাকা আমার হাতে নেই। টাকা না আসলে কোথায় থেকে দিবো? তবে আগামী সাত দিনের মধ্যে নন-রেসিডেন্টদের বকেয়া পরিশোধ করা হবে।’

এ সময় আন্দোলনরত এক চিকিৎসক বলেন, ‘ভাতা না দেওয়া পর্যন্ত আমরা কি না খেয়ে থাকবো।’

ভিসি আরও বলেন, ‘দাবি নিয়ে তোমাদের প্রতিনিধিসহ আমি মন্ত্রীর কাছে যাবো। এখনই ভাতা দেওয়া যাবে না। আমাকে সময় দিতে হবে।

সবশেষে বেসরকারি উচ্চতর প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে তিন বলেন, ‘আপাতত এর বাইরে আমার আর কিছু করার নেই। এখন তোমাদের যা করণীয় তা করো, বলে ঘটনাস্থল ত্যাগ করেন।’

আন্দোলনকারীরা তখন দাবি আদায় না হওয়া পর্যন্ত কার্যালয়ের সামনে থেকে যাবেন না বলে ঘোষণা দেন।

এর আগে সকাল ১১টায় বিএসএমএমইউ ক্যাম্পাসে একই দাবিতে মানববন্ধন করেন মেডিকেলে উচ্চতর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের সংগঠন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন।

মানববন্ধনে উপস্থিত চিকিৎসকরা জানিয়েছেন, কর্মসূচি শেষে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে যাবেন তারা। ভাতা বৃদ্ধির বিষয়টি ভিসির কাছে থেকে লিখিত নেওয়া ছাড়া তারা সেখান থেকে বের হবে না বলে ঘোষণা দেন।

চিকিৎসকদের তিন দফা দাবি হল- মাসিক ভাতা ৫০ হাজার টাকা, নিয়মিত ভাতা প্রদান করা ও সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা দ্রুত সময়ে পরিশোধ করা।

তারা বলেন, ‘গত অর্থ বছরে বাজেটের ৬ হাজার ৫৫৮ কোটি টাকা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এবং নিয়মিতও প্রদান করা হচ্ছে না। এটি স্বাস্থ্যখাতের জন্য লজ্জা বিষয়।’

তারা আরও বলেন, ‘নন-রেসিডেন্টদের বরাদ্দের টাকাও দেওয়া হয়নি, এটা প্রতারণা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা এ বিষয়ে আশ্বস্ত করলেও বিএসএমইউ থেকে এখনও কিছু বলা হয়নি।’

‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। ঐক্য, ঐক্য চিকিৎসকদের ঐক্য- বিএসএমএমইউ ক্যাম্পাস জুড়ে এসব স্লোগানে মুখরিত রাখছেন উচ্চতর কোর্সে অধ্যয়নরত বেসরকারি চিকিৎসকরা।

নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসকদের মৌলিক চাহিদা পূরণের দাবি জানিয়ে তারা বলেন, ‘আমরা যদি পড়াশোনা ছেড়ে মাঠে মাঠে দাবি আদায়ে ব্যস্ত থাকি, তাহলে রোগীরা বঞ্চিত হবেন। আমরা চাই, দেশের চিকিৎসা খাত আরও এগিয়ে যাক। আমাদের পিছিয়ে রেখে তা সম্ভব না।’

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত