করোনা: ডিপ্লোমা-এমফিল পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার স্থগিত
মেভিয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর লকডাউনের কারণে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই-২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২২ জুন) রাতে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার।
তিনি বলেন, ‘করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাক্ষাৎকার স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের বিষয়গুলো নিয়ে একটি সভা হবে, পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাক্ষাৎকার গ্রহণের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ৪ জুন (শুক্রবার) সন্ধ্যায় বিএসএমএমইউর জুলাই-২০২১ সেশনের এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং এমফিল পিএসএম ও এমপিএইচ পরীক্ষায় উত্তীর্ণদের ফল প্রকাশ করা হয়েছে।
এর আগে শুক্রবার (৪ জুন) সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া এমফিল, পিএসএম এবং এমপিএইচ ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ বছর মোট পরক্ষার্থী ছিলেন ৭ হাজার ১৫০ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে ১ হাজার ৫২৯ জন, সার্জারি অনুষদে ৩ হাজার ২৯৯ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৭৫৪ জন, ডেণ্টাল অনুষদে ২০৯ জন, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে ৬১৬ জন এবং শিশু অনুষদে ৭৪৩ জন পরীক্ষার্থী।
এদিকে, শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ও আইডিয়াল কলেজে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫