০৩ জুলাই, ২০২০ ০৯:৪৪ এএম

বিএসএমএমইউয়ে চালু হচ্ছে ৩৭০ শয্যার করোনা সেন্টার

বিএসএমএমইউয়ে চালু হচ্ছে ৩৭০ শয্যার করোনা সেন্টার

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চালু হচ্ছে ৩৭০ শয্যার করোনা সেন্টার। আগামী কাল (৪ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

শুক্রবার (৩ জুলাই) বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩৭০ শয্যার ‘করোনা সেন্টার’ চালু হবে আগামী শনিবার, ৪ জুলাই। ৩৭০ শয্যার মধ্যে ‘কেবিন ব্লকে’ শয্যার সংখ্যা ২৫০টি এবং ‘বেতার ভবনে’ শয্যার সংখ্যা ১২০টি। ‘কেবিন ব্লকে’ ২৫০ শয্যার মধ্যে ইমার্জেন্সি রোগীদের জন্য রয়েছে ২৪টি শয্যা এবং আইসিইউ শয্যা সংখ্যা থাকবে ১৫টি। কেবিন ব্লকে ‘সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট’ স্থাপন করা হয়েছে।

এছাড়াও রোগীদের সেবা নিশ্চিত করার জন্য হাইফ্লো ন্যাসাল ক্যানুলা, নন ইনভেসিভ ভেন্টিলেটর, যেমন- সি-প্যাপ, অক্সিজেন কনসানট্রেটর ইত্যাদি স্থাপন করার কাজ প্রায় সম্পন্নের দিকে। প্রতিটি শয্যায় রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্টসহ অন্যান্য চিকিৎসা সুবিধাসমূহ। মূলত গুরুতর অসুস্থ রোগীরাই এখানে ভর্তি হবেন।

অন্যদিকে, বেতার ভবনের ১২০ শয্যায় ভর্তি হবেন করোনা ভাইরাসে আক্রান্ত মডারেট রোগাক্রান্ত রোগীরা।  

ইতোমধ্যে ‘কেবিন ব্লক’ ও ‘বেতার ভবনে’ করোনা সেন্টার চালুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, ডাক্তারবৃন্দ, নার্সবৃন্দসহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সাথে অনুষ্ঠিত সভাসমূহে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে।

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত