২১ নভেম্বর, ২০২৫ ১১:৩৭ এএম

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
রাফিউল ইসলাম রাফি। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে অনুভূত ভূমিকম্পে ভবনের রেলিং ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ৫২তম ব্যাচের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাফিউল ইসলাম রাফি নামে ওই শিক্ষার্থী মেডিকেল কলেজের পাশে বংশাল কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফি। ভবনের একটি ইট তার মাথায় পড়লে মারা যান তিনি। এ ঘটনায় রাফির মা নুসরাত বেগমও গুরুতর আহত হয়েছেন।

তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়। বগুড়া ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর এসএসএমসিতে ২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন তিনি।

দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। তবে নিহত বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

এর আগে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানীসহ সারাদেশে। চলে কয়েক সেকেন্ড পর্যন্ত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিস) তথ্য মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থানরত বাসিন্দারা ভবনের ভেতরে আতঙ্কে চিৎকার করতে থাকে। অনেকে হুড়োহুড়ি করে ভবন ছেড়ে রাস্তায় নেমে যান।

ছাত্রশিবির মেডিকেল জোনের শোক

এদিকে ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন।

মেডিকেল জোনের প্রচার সম্পাদক আরমানুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।

এতে বলা হয়, ‘মানবসেবার ব্রতে সদ্য মেডিকেল জীবন শুরু করা এক মেধাবী ছাত্রের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে অশেষ ধৈর্যের শক্তি দান করুন।’

‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেডিকেল জোনের পক্ষ থেকে আমরা রাফিসহ নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। একই সঙ্গে, ঢাকা সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট পক্ষকে এ ধরনের দুর্ঘটনার কারণ অনুসন্ধান, তদন্ত ও প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি’—বলা হয় বিজ্ঞপ্তিতে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত