০৪ মে, ২০২৬ ১০:৩৩ এএম

আইএমসি শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’: ক্যাম্পাসে সহপাঠীদের বিক্ষোভ

আইএমসি শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’: ক্যাম্পাসে সহপাঠীদের বিক্ষোভ
নুরুল আমিন রিসান। (ছবিতে বামে)

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (আইএমসি) শিক্ষার্থী নুরুল আমিন রিসানের ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে দাবি করে এর প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের বিচার নিশ্চিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন তারা।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) রাত ৮টার দিকে টাংগাইলের রতনপুরে নিজ বাসায় মারা যান আইএমসি ২৪তম ব্যাচের শিক্ষার্থী রিসান।

তার একাধিক সহপাঠী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিসান এনাটমি সাবজেক্টে একাধিকবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি। তার সহপাঠীরা চতুর্থ বর্ষে থাকলেও তিনি প্রথম বর্ষে আটকে যান। এই কারণে সীমাহীন চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন রিসান।

শিক্ষার্থীরা জানান, ‘মৃত্যুর আগে এক বন্ধুর কাছে রিসান স্টেটমেন্ট দিয়ে গেছে যে, তাকে অ্যানাটমির টিচাররা অনেক চাপ দিচ্ছে। এই চাপ নিতে পারছে না সে। এই অবস্থার মধ্যে সে কলেজ থেকে বাসায় যায়। রুমের দরজা বন্ধ পাওয়া যায়। সেখানে মারা গেছে সে। এখনো ফরেনসিক করা হয়নি। করা হলে প্রকৃত কারণ বেরিয়ে আসবে। তবে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এটা অস্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক না। এজন্য অ্যাকাডেমিক দায় আছে।’

এদিকে তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, রিসান মারা যাওয়ার পর ২৪ ঘণ্টার পার হয়ে গেলেও কলেজের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ওর অ্যাকাডেমিক টিচার, কো-অর্ডিনেটরসহ সংশ্লিষ্ট কেউ তার খোঁজ-খবর নেয়নি। অত বড় একটি ঘটনায় নির্লিপ্ততার জন্য তারা অধ্যক্ষের পদত্যাগ চান।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত