২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২৫ পিএম

ইব্রাহিম মেডিকেলের শিক্ষার্থী মাহির রহস্যজনক মৃত্যু

ইব্রাহিম মেডিকেলের শিক্ষার্থী মাহির রহস্যজনক মৃত্যু
নিহত মেডিকেল শিক্ষার্থী মো. মাহি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বেসরকারি ইব্রাহিম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাহি (২৩) মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে তার মৃত্যু ঘটে।

এর আগে রাত সোয়া একটার দিকে যাত্রাবাড়ির মীর হাজারিবাগের একটি ভবনের আট তলা থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মাহিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মাহির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। বলেন, আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আছর বারডেম-২ এ তার জানাযা হওয়ার কথা রয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারছে না কেউ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নুনাবতি গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রশিদের ছেলে মাহি। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। যাত্রাবাড়িতে ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সাথে থাকতেন তিনি। মেডিকেল কলেজের হোস্টেলে থেকেই লেখাপড়া করতেন। মাঝে মাঝে বাসায় যেতেন।

তার মা ফাতেমা আক্তার গণমাধ্যমকে বলেন, আমাদের কাউকে কিছু না বলে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে মাহি। অনেক সময় পেরিয়ে গেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় রুমের দরজা ভেঙে দেখি, বারান্দার কাপড় শুকানোর রশি গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে মাহি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায়, মাহি আর বেঁচে নেই।

ইব্রাহিম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও নিহত মাহির সিনিয়র সিয়াম খান মেডিভয়েসকে বলেন, শিক্ষার্থী হিসেবে মাহি খুবই মেধাবী, পড়াশোনায় পিছিয়ে ছিল না। কিছুদিন আগেই থার্ড টার্ম পরীক্ষা দিয়েছে, ভাইভা বাকি ছিল। কালও সারাদিন হাসিখুশি ছিল সে। কলেজে একটি প্রোগ্রাম ছিল, সেখানে অংশ নেয়। পরে ফুটবলও খেলে। খেলাধুলা শেষ করে হোস্টেল থেকে বাসায় চলে গেছে।

তিনি বলেন, আমাদের সবার একটাই প্রশ্ন, কালকেও ছেলেটা হাসিখুশি ছিল, প্রাণোচ্ছ্বল ছিল। হঠাৎ করে কী হলো বোঝা যাচ্ছে না।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত