২১ নভেম্বর, ২০২৫ ১২:২৬ পিএম

ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে নিহত ৫, আহত আড়াই শতাধিক

ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে নিহত ৫, আহত আড়াই শতাধিক
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে দেয়াল ও ছাদের রেলিং ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরান ঢাকার বংশালে তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু ও নরসিংদীর পলাশের মালিতা গ্রামে এক বৃদ্ধ মারা গেছেন। 

আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব হতাহতের খবর নিশ্চিত করা হয়। এ ছাড়াও ভয়াবহ এ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় আহত হয়ে এখন পর্যন্ত আড়াই শতাধিক চিকিৎসা নিয়েছেন।

এতে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। তার মাথায় ইট ধসে পড়লে মারা যান তিনি। এ ঘটনায় রাফির মা-ও গুরুতর আহত হয়েছেন।

তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়। বগুড়া ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর এসএসএমসিতে ২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন তিনি।

দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন মেডিভয়েসকে বলেন, ভূমিকম্পে নিহত সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিসহ তিনজনের মৃতদেহ মিটফোর্ডে আনাা হয়েছে।

তিনি বলেন, নিহত আরেকজনের নাম সবুজ। তাঁর বয়স ৩০ বছর। ১৪ বছরের একটি শিশুর মরদেহ আনা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

দেয়াল ধসে ১০ মাসের শিশু নিহত

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাসের একটি শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগমসহ (৩০) দুজন।

আজ সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ পাঁচ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আবদুল হকের মেয়ে।

সূত্রে জানা যায়, আবদুল হক চাকরির সুবাদে ঢাকায় থাকেন। দুই ছেলে-মেয়ে নিয়ে রূপগঞ্জের ইসলামবাগের একটি বাড়িতে ভাড়া থাকেন কুলসুম। পাশের বাসা ভাড়া থাকেন কুলসুমের মা-বাবা।

প্রতিবেশীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে কুলসুম বেগম মেয়েকে কোলে নিয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে যান। এ সময় জেসমিন বেগমও (৩৫) নামে তার প্রতিবেশী ঘর থেকে বের হয়ে সড়কে আশ্রয় নেন। তখন সড়কের পাশে থাকা একটি সীমানাপ্রাচীর তাঁদের ওপর ধসে পড়ে। ইটের চাপায় ঘটনাস্থলেই শিশু ফাতেমা নিহত হয়। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করেন। গুরুতর আহত কুলসুম বেগম ও জেসমিন বেগমকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সারাদেশে আহত অর্ধশতাধিক

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, নরসিংদী, গাজীপুরে আহত হয়েছেন অর্ধশতাধিক।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

আজ সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

শ্রীপুরে আহত দেড় শতাধিক পোশাক শ্রমিক

ভূমিকম্পের সময় গাজীপুরের শ্রীপুরে কারখানা থেকে নামার সময় হুড়োহুড়িতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। কেওয়া পূর্বখণ্ড গারোপাড়া এলাকায় বহুতল ভবনে ডেনিমেক নামের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩০ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আরও ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক