দুর্গম স্বাস্থ্যকেন্দ্রে ইন্টারনেট সংযোগে ভি-স্যাট স্থাপন করবে সরকার
মেডিভয়েস রিপোর্ট: দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ইন্টারনেট সংযোগের জন্য ভি-স্যাট প্রযুক্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ প্রযুক্তি স্থাপন করা হবে। এতে সহজেই টেলিমিডিসিনসহ নানা জরুরি সেবা প্রদানের পাশাপাশি মন্ত্রণালয়ের সঙ্গে সংযোগ বাড়বে এসব প্রতিষ্ঠানের।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রাথমিকভাবে এ প্রযুক্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে মঙ্গলবার (২২ জুলাই) সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। এতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব শাহাদাত হোসেন কবির সই করেছেন।
ভি-স্যাট হচ্ছে স্যাটেলাইট-ভিত্তিক একটি যোগাযোগ প্রযুক্তি, যা ছোট আকারের অ্যান্টেনা ব্যবহার করে ইন্টারনেট সংযোগ স্থাপন করে। বিশেষ করে দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায়—যেখানে মোবাইল নেটওয়ার্ক বা তারযুক্ত ইন্টারনেট সংযোগ পৌঁছেনি—সেখানে এই প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহৃত হয়। এটি স্যাটেলাইটের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ইন্টারনেট সংযোগ দেয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্গম এলাকায় স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে ভি-স্যাট সুবিধা প্রদান করা হবে। তবে এ প্রযুক্তি ব্যবহারের খরচ সম্ভাব্য সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।
এক্ষেত্রে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নেই বা অপ্রতুল—এমন উপজেলায় সৌর বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। এতে বিশেষ করে হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, চৌহালী, খালিয়াজুড়ী ও পার্বত্য এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। যুক্ত হবে ইন্টারনেট সংযোগেও।
এ ছাড়া ভি-স্যাট প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট (বিএস-১) ব্যবহারের বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সাধারণত, ইন্টারনেট সংযোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকা, চরাঞ্চল, দ্বীপাঞ্চল ও যানজটপ্রবণ শহরে জনসাধারণের জন্য উন্নততর জরুরি ও আপৎকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়। এসব এলাকায় ইন্টারনেট সংযোগ করতে ভি-স্যাট প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের কমিউনিটি ভিশন সেন্টার দূরবর্তী ও প্রান্তিক জনগোষ্ঠীর চোখের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করছে। বিভিন্ন অঞ্চলে ভি-স্যাট প্রযুক্তি ব্যবহার করছে এই প্রতিষ্ঠানটি।
এ ছাড়া গত বছর বর্ষায় ফেনী ও বৃহত্তর সিলেটের বন্যাপ্লাবিত এলাকায় জরুরি যোগাযোগ ও তথ্য বিনিময়ের প্রয়োজনে জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক ভি-স্যাট সুবিধাকে কাজে লাগানোর উদাহরণ রয়েছে। তবে ওই দুর্যোগকালীন সময়ে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্যাটেলাইট প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্রে জানা গেছে, সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. জহিরুল ইসলাম ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির (বিএসসিএল) সিনিয়র ম্যানেজার হামেদ হাসান মহিউদ্দিন উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস, উপজেলা হেলথ কেয়ার ও হাসপাতাল শাখার প্রতিনিধি এবং স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এনএআর/
-
২১ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬
-
২০ মে, ২০২৬