১৮ অক্টোবর, ২০২৬ ০৭:০১ পিএম

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেড যৌথভাবে চালু করেছে জাতীয় পর্যায়ের আয়োজন ‘ই-হেলথ হ্যাকাথন ২০২৬’। আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অংশীদারত্বে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ কর্মসূচির বিস্তারিত রূপরেখা ঘোষণা করেন।

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবার ১৫টি গুরুত্বপূর্ণ খাতে উদ্ভাবনী ডিজিটাল সমাধান খুঁজতে এ হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। ১৮ অক্টোবর থেকে এর নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে এক মাসব্যাপী। নিবন্ধন ও বাছাইপর্ব শেষে নির্বাচিত দলগুলোকে নিয়ে রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী একটি নিবিড় বুটক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের মেন্টরশিপ দেবেন, যাতে তাঁদের প্রাথমিক ধারণাগুলো বাস্তব রূপ পায়।

ই-হেলথ কার্ড বাস্তবায়নে পদক্ষেপ

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার ২০টি সুনির্দিষ্ট অঙ্গীকার করেছিল। এসব অঙ্গীকার পূরণ হলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় পরিবর্তন আসবে এবং জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, এসব অঙ্গীকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি হলো ই-হেলথ কার্ড ও ই-হেলথ সিস্টেম। এ হ্যাকাথনের আয়োজন ই-হেলথ কার্ড বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু করলে অনেকে আলাদাভাবে বিভিন্ন ধারণা নিয়ে আসেন। তবে বিচ্ছিন্নভাবে কাজ করলে স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগ আলাদা গণ্ডিতে সীমাবদ্ধ থাকে, যা পরবর্তী সময়ে সমন্বয় করা কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থায় স্বাস্থ্য খাতের প্রতিটি বিভাগ যেন পরস্পরের সঙ্গে সংযুক্ত হতে পারে, সেই লক্ষ্যেই হ্যাকাথনের মাধ্যমে সবাইকে একটি সমন্বিত ও স্বচ্ছ প্ল্যাটফর্মে আনা হচ্ছে।

বিশ কোটি মানুষের স্বাস্থ্য তথ্যভাণ্ডার

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রায় ২০ কোটি মানুষের একটি বিশাল স্বাস্থ্য তথ্যভাণ্ডার তৈরির পরিকল্পনা করা হচ্ছে। একজন নাগরিক যতবার চিকিৎসকের কাছে যাবেন, ডিসপেনসারি থেকে ওষুধ কিনবেন কিংবা ল্যাব টেস্ট করাবেন, তাঁর চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সেখানে নিয়মিত যুক্ত হতে থাকবে।

তিনি বলেন, এই বিপুল তথ্যভাণ্ডার স্বাস্থ্য গবেষণার একটি বিশাল সম্পদ হতে পারে। বৈশ্বিক কোম্পানিগুলোও এ ধরনের ডেটাবেসে বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন লার্নিং মডেলে ব্যবহারের আগ্রহ দেখাচ্ছে। তবে দেশের সার্বভৌমত্ব, তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করেই এ প্রযুক্তি কাজে লাগাতে হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্যখাতে বিনিয়োগের সম্ভাবনা

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলে তদবির বা স্বজনপ্রীতির সুযোগ বন্ধ করে সবার জন্য সমান সুযোগ ও স্বচ্ছতা তৈরিতে উন্মুক্ত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, এ প্রক্রিয়ায় ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের কোনো তরুণের উদ্ভাবনী ধারণাও সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

আশিক চৌধুরী বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতের আনুমানিক বাজারমূল্য ১৪ বিলিয়ন ডলার। তবে সঠিক তথ্যের অভাবে এ বাজারের সম্ভাবনা এখনো পুরোপুরি মূল্যায়িত হয়নি। স্বাস্থ্য খাত ডিজিটালাইজড হলে এবং নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হলে দেশি-বিদেশি বড় বিনিয়োগ আকৃষ্ট করার সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিল আফরোজা, ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. মালালা আহমাদজাই, এডিএন টেলিকম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ মাহমুদ, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) পরিচালক ডা. কাজী সাইফুদ্দিন বেন্নুর এবং বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ইফফাত মাহমুদ।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ইন্টারস্পিড অ্যাডভার্টাইজিং লিমিটেডের গ্রুপ ডিরেক্টর আদনান করিম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ডা. মানাল মিজানুর রহমান।

এমআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক