০৬ জানুয়ারী, ২০২৫ ০৭:৩৭ পিএম

বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ডা. সফিউদ্দিন

বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ডা. সফিউদ্দিন
অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন।

বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদকে ২৪ জুন ২০২৩ তারিখে বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে অবসর গ্রহণ করায় উক্ত পদটি শূণ্য হয়েছে।’

‘বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২ এর ২৭(২) ধারা অনুযায়ী কার্ডিওলজি বিভাগের পরবর্তী জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিনকে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। এই নিয়োগ ১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে’, বলা হয় অফিস আদেশে।

জানতে চাইলে অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন মেডিভয়েসকে বলেন, ‘এটি একটি প্রশাসনিক দায়িত্ব। কার্ডিওলজি বিভাগের বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো পূর্ণতায় রুপ দিতে চাই। এখানে বেডের সংখ্যাও অপর্যাপ্ত। আর বিএসএমএমইউ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, সেই হিসেবে কার্ডিওলজি বিভাগকে অনেক দূর এগিয়ে নেওয়া যায়।’

তিনি বলেন, ‘বিএসএমএমইউ হলো দেশের সর্বোচ্চ মেডিকেল বিদ্যাপিট। এখানে চিকিৎসকরা শিক্ষাগ্রহণ করেন এবং এখান থেকে শিখার পর দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন। কাজেই এখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন, এটা আমার নজরে থাকবে। সেইসঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিক থাকবো। কার্ডিওলজি বিভাগের অনেক উন্নয়ন করা দরকার, কাঙ্খিত উন্নয়ন করার জন্য চেষ্টা করবো।’

অধ্যাপক ডা. সফিউদ্দিন বলেন, ‘মেডিকেল শিক্ষা দিক দিয়ে বিএসএমএমইউ আগে থেকেই ভালো। এখন আরো গুছিয়ে আনার চেষ্টা করবো। কিভাবে পড়াশোনার মান আরও ভালো করা যায়। সবার সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে যাবে কার্ডিওলজি বিভাগ।’

একনজরে অধ্যাপক ডা. সফিউদ্দিন

ঢাকার কেরানীগঞ্জে জন্মগ্রহণ করেন অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। ১৯৮৪ সালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন অধ্যাপক ডা. সফিউদ্দিন।

১৯৯৮ সালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি) থেকে এমডি ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর তিনি ২০০৪ সালে আমেরিকান কলেজ অব কার্ডিওলজি থেকে এফএসিসি এবং ২০০৯ সালে ইউরোপিয়ান সোসাইসি অব কার্ডিওলজি থেকে এফইএসসি অর্জন করেন।

২০১৪ সালে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনে এফআরসিপি এবং ২০১৫ সালে এডেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ, ন্যাশনাল সেন্টার ফর কন্ট্রোল অব রিউম্যাটিক ফিভার অ্যান্ড হার্ট ডিজিজ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে কাজ করেছেন।

২০১৪ সালে বিএসএমএমইউতে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ পান তিনি। এরপর তিনি পর্যাক্রমে অধ্যাপক পদোন্নতি পান এবং ইন্টারভেনশাল কার্ডিওলজি বিভাগের প্রধান ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সদস্য হিসেবেও কাজ করছেন অধ্যাপক ডা. সফিউদ্দিন।

বর্তমান তিনি দেশের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগতজীবনে তিনি তিন সন্তানের জনক।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক