যশোর মেডিকেলের ইন্টার্ন ডক্টরদের নেতৃত্বে শান্তি সমাবেশের ডা. ইমাম
মেডিভয়েস রিপোর্ট: যশোর মেডিকেল কলেজ হাসপাতালের (যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল) ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের (আইডিএ) সভাপতি হয়েছেন শান্তি সমাবেশে অংশ নেওয়া ডা. ইমাম আল আজম।
সম্প্রতি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশিদ ও মেডিকেলের ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. এবিএম দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা।
জানা গেছে, ডা. ইমাম আল আজমের সভাপতিত্বে গঠিত নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. নাঈমুর রহমান নাঈম।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, ডা. আজম গত ৩ আগস্ট সারাদেশে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে সংগঠিত গণহত্যার পক্ষে কথিত ‘শান্তি সমাবেশে’ অংশ নিয়েছিলেন। এ ছাড়া নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গেও বেশ দহরম-মহরম ছিল তার। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সাথেও দেখা গেছে তাকে।
তাদের আরও অভিযোগ করেন, ভোটের মাধ্যমে কমিটি গঠন হওয়ার কথা থাকলেও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একাংশ তড়িঘড়ি করে এই কমিটি ঘোষণা দেয়। তবে সংগঠনটি আরেক অংশ এর বিপক্ষে রয়েছেন।
ইতোমধ্যেই এই কমিটি বিলুপ্ত চেয়ে হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে আবেদন করেছেন ইন্টার্ন চিকিৎকরা। একে ‘মনগড়া কমিটি’ উল্লেখ করে তারা বলছেন, অবিলম্বে এ কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দিতে হবে।
জানা গেছে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-উর রশিদ বুধবার (১ জানুয়ারি) অন্যত্র বদলি হয়েছেন।
তবে তিনি মেডিভয়েসকে জানান, ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. এবিএম দেলোয়ার হোসেনই বিষয়টি কো-অর্ডিনেট করেছিলেন। তিনি শুধু অনুমোদন দিয়েছেন।
এ বিষয়ে জানতে ডা. এবিএম দেলোয়ার হোসেনের কাছে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
ডা. মো. হারুন-অর-রশিদ ও ডা. এবিএম দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ইন্টার্ন ডক্টরস আসোসিয়েশন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি এক বছরের (২০২৪-২০২৫) এর জন্য অনুমোদন করা হলো।’
কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন যথাক্রমে ডা. ইমাম আল আজম ও ডা. মো. নাঈমুর রহমান নাঈম। সহ-সভাপতি পদে ডা. মো. মাসুদুর রহমান, ডা. যারীন রোশনী মৌটুসী ও ডা. শাহনূর শাবাব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. হাসানুজ্জামান, ডা. জান্নাত আরা ও ডা. প্রণামী পোদ্দারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ডা. তারেক আল মাহদী তাসিফ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ডা. ইব্রাহিম হোসেন, ডা. জান্নাতুল মুনতাহা ও ডা. মারিয়া আক্তার নিশাত মনোনীত হয়েছেন।
কমিটিতে অর্থ সম্পাদক পদে ডা. সামিয়া ঐশী, দপ্তর সম্পাদক পদে ডা. পারমিতা নওশীন রাচী, প্রচার সম্পাদক পদে ডা. তাবাসসুম হোসেন তিশা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. অন্তু দাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা. দ্বীপান্বিতা কর্মকার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ডা. ফাতেমা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ডা. শোয়াইব মোর্শেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ডা. নন্দিতা সাহা রানু, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ডা. সাইমা সিদ্দিকা আনিকা ও রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ডা. আতিকা তাহসিন রয়েছেন।
এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য পদে ডা. হাসনাইন জাভেদ, ডা.হুমায়রা সুলতানা, ডা. কান্তা দাস, ডা. জান্নাতুন নেছা কনক, ডা. অর্পিতা বণিক, ডা. কানিজ ফাতেমা ইমা ও ডা. মুনালিসা মুনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এনএআর/এসএইচ/এমইউ
-
০১ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪
-
২৭ জুন, ২০২৪
-
২৬ সেপ্টেম্বর, ২০২৩
-
০৫ মার্চ, ২০২২
-
১৬ ফেব্রুয়ারী, ২০২২