২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২৬ পিএম

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে যশোর মেডিকেলের শিক্ষার্থী নুসরাত

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে যশোর মেডিকেলের শিক্ষার্থী নুসরাত
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যশোর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান বুশরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কিডনি রোগের জটিলতা নিয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, নুসরাত যশোর মেডিকেলের ২০২০-২১ সেশন ও ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন, এতে কোনো কাজ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চলে যান ভারতে। সবার প্রত্যাশা ছিল নুসরাত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং মনোনিবেশ করবেন মেডিকেলের পড়াশোনায়। কিন্তু সেটি আর হলো না। তাঁর এমন চলে যাওয়াতে গ্রামের বাড়ি ও যশোর মেডিকেল ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে শোকের ছায়ায়। কেউ যেন মেনে নিতে পারছেন না এমন মৃত্যু। তাঁকে বাঁচানোর জন্য পিতা-মাতা এবং আত্মীয় স্বজনের কত-ই না চেষ্টা ছিল, সব চেষ্টাকে ব্যর্থ করে পরপারে চলে যান ২১ বছর বয়সী মেধাবী এই শিক্ষার্থী।

মৃত্যুর আগে গত ৯ আগস্ট নুসরাত ফেসবুক ওয়ালে লিখেছিলেন, ‘একটু লাইফ আপডেট দেই, অনেকেই জিজ্ঞেস করে দেশে ফিরবো কবে, দেশে ফিরেছি কিনা। না, আমি এখনো ইন্ডিয়াতে। কি করবো দুর্ভাগ্য যে, পিছু ছাড়ছে না। ট্রান্সপ্লান্টের প্রায় দুই মাস পর কোরবানীর ঈদের আগের দিন বাসায় আসি। সবকিছু ভালোই চলছিলো। আমিও হাঁটা চলা শুরু করে দিয়েছিলাম নিজে নিজে। কিন্তু এর কিছুদিন পর হঠাৎ করেই একদিন বাসায় সেন্সলেস হয়ে যাই।’

তিনি আরও লিখেন, ‘জ্ঞান ফিরলে বিপি একেবারে লো, স্যাচুরেশন ৭০ এর নিচে, শুরু হয় শ্বাসকষ্ট, সাথে সাথে হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স আসে। হাসপাতালে যাওয়ার পর স্যালাইন, অক্সিজেন দেওয়া হয়, একটু স্বাভাবিক হই। এরপর শুরু হয় টেস্ট। আবার সেই ইন্টার্নাল ব্লিডিং। হিমোগ্লোবিন কমে ৬। আবার ব্লাড দেওয়া হয়। এবার ধরা পড়ে এক্সটার্নাল ইলিয়াক আর্টারিতে স্টেনোসিস আবার ট্রান্সপ্লান্টেড রেনাল আর্টারিতে সিউডো এনিউরিজম। এবার এমআইসিইউ, এখানে থাকলাম আরো কয়দিন। এনজিওপ্লাস্টি করে দুই আর্টারিতে দুইটা স্ট্যান্ট বসায় দিলো যেনো ভবিষ্যতে রাস্তাঘাটে এরকম অঘটন না ঘটে। আদৌ আমার ভবিষ্যৎ আছে কিনা আল্লাহ তায়ালা জানেন ভালো!..’

এসএএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক