১৩ নভেম্বর, ২০২৬ ০৬:১৯ পিএম

দেশের সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করল সরকার

দেশের সব পর্যায়ের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করল সরকার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কাঠামোতে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার জ্যেষ্ঠ মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা সমমর্যাদার উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য। পাশাপাশি হাসপাতালের সেবার মান উন্নয়ন, চিকিৎসক-কর্মচারীদের উপস্থিতি তদারকি এবং সরকারি ওষুধের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে এসব কমিটিকে।

রোববার (৮ নভেম্বর)  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে জারি করা এ-সংক্রান্ত আগের স্মারক সংশোধন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য। সংশ্লিষ্ট উপজেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান, সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি কমিটিতে সদস্য থাকবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হবেন সদস্যসচিব।

জেলা সদর ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার জ্যেষ্ঠ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী অথবা সমমর্যাদার উপদেষ্টা কিংবা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য। জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, পৌর মেয়র, সমাজসেবা ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, স্থানীয় বিএমএ এবং প্রেসক্লাবের প্রতিনিধিরা কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

ঢাকা মহানগরীর মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অথবা তাঁর মনোনীত মন্ত্রী, মেয়র, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদার উপদেষ্টা, হুইপ কিংবা সংসদ সদস্য। স্থানীয় সংসদ সদস্য থাকবেন সহ-সভাপতি হিসেবে। স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, পুলিশ, সিটি করপোরেশন, মেডিকেল কলেজ, পিডব্লিউডি, বিএমএ, জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ঢাকার বাইরের মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অথবা তাঁর মনোনীত মন্ত্রী, মেয়র, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদার উপদেষ্টা, হুইপ কিংবা সংসদ সদস্য দায়িত্ব পালন করবেন। স্থানীয় সংসদ সদস্য থাকবেন সহ-সভাপতি। বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক, পুলিশ কমিশনার বা পুলিশ সুপার, অধ্যক্ষ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এ কমিটির সদস্য হবেন।

প্রজ্ঞাপনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, কমিটির সভাপতির অনুমতিক্রমে সদস্যসচিব সভা আহ্বান করবেন। সভাপতির অনুপস্থিতিতে বা তাঁর অনুমতিক্রমে সহ-সভাপতি কিংবা জ্যেষ্ঠ কোনো সদস্য সভা পরিচালনা করতে পারবেন। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিকে প্রতি মাসে অন্তত একবার সভা করতে হবে।

কমিটিগুলো হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি, কর্মকালীন অবস্থান এবং দায়িত্ব পালন পর্যবেক্ষণ করবে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, কর্মপরিবেশ উন্নয়ন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার এবং দুর্যোগ মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের দায়িত্বও দেওয়া হয়েছে।

এ ছাড়া হাসপাতাল থেকে দেওয়া নিরাময় ও প্রতিষেধক সেবার পরিমাণ ও গুণগত মান বাড়ানো, সরকারি অর্থায়নে সরবরাহ করা ওষুধের যথাযথ বিতরণ এবং সরকারি বরাদ্দের জনবল, ওষুধ, যন্ত্রপাতি, আসবাবপত্র ও স্থাপনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে কমিটিকে।

হাসপাতালের অনুমোদিত বাজেটের মধ্যে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ দায়িত্ব পালনে উপকমিটি গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং পরিবীক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট কমিটির।

জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ক্ষেত্রে কোনো যুক্তিসংগত কারণ ছাড়া পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সদস্যের সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির সভায় মূল কমিটির অন্তত সাতজন সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত