রাজনৈতিক পরিচয়ের কারণে চিকিৎসকদের মাঝে বৈষম্য না করার আহ্বান মির্জা আব্বাসের
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের রাজনৈতিক পরিচয়ের কারণে যেন কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হতে না হয়, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস। তিনি বলেছেন, চিকিৎসকদের রাজনৈতিক পরিচয় নয়, বরং তাদের পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘কেউ বিএনপির সমর্থক হলেই তিনি বিএনপির ডাক্তার হয়ে যাবেন, বিষয়টি এমন নয়। মেডিকেল বইয়েও কোথাও লেখা নেই যে ডাক্তারদের রাজনৈতিক পরিচয় থাকতে হবে। তাই ডাক্তারকে আমরা ডাক্তার হিসেবেই মূল্যায়ন করব।’
তিনি বলেন, চিকিৎসকদের রাজনৈতিক পরিচয়ের কারণে যেন বৈষম্যের শিকার হতে না হয়, সেটি নিশ্চিত করা জরুরি। এই নীতি নিজেদের পাশাপাশি সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।
ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, অনুষ্ঠানে উপস্থিত অনেক চিকিৎসক যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক কারণে সময়মতো পদোন্নতি পাননি। ভবিষ্যতে যেন কোনো চিকিৎসককে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
দেশে দক্ষ চিকিৎসক তৈরির ওপর গুরুত্বারোপ করে মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের চিকিৎসকদের এমন দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে চিকিৎসাসেবার জন্য তাদের বিদেশে যেতে না হয়। দেশের চিকিৎসকদের আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের অনেক চিকিৎসক বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালে সুনামের সঙ্গে কাজ করছেন। তার বন্ধুদের মধ্যেও অনেকে বিদেশে চিকিৎসাসেবা দিয়ে প্রশংসা অর্জন করেছেন।
দেশেই উন্নত চিকিৎসক তৈরির পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত মর্যাদা, যোগ্যতা ও দক্ষতার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
এমআর/