১৪ নভেম্বর, ২০২৬ ০১:০৭ পিএম

জলবায়ু সহনশীলতায় তিন কোটি ডলার পাবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

জলবায়ু সহনশীলতায় তিন কোটি ডলার পাবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ বাংলাদেশ প্রতিনিধিদলের আয়োজিত সংবাদ সম্মেলনে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ ও জলবায়ুবান্ধব কৃষি সম্প্রসারণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ বাংলাদেশ প্রতিনিধিদলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পরিবেশমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে সিআইএফের অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশের কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অবকাঠামোর ওপর বিরূপ প্রভাব ফেলছে।

তিনি জানান, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পেলে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারে কাজ চলছে।

জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল থেকে অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন বাড়াতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি এখন বাস্তবতা। এ পরিস্থিতি মোকাবিলায় ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজে অর্থায়ন বাড়ানো, দ্রুত অর্থ ছাড় এবং প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে।

কপ৩১-এর আলোচনা প্রসঙ্গে পরিবেশমন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, নিঃসরণ হ্রাস ও ন্যায্য রূপান্তরের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত আসবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তারসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক