সচিবালয়ে আগুন, এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সচিবালয়ে আগুন নেভানোর কাজে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন (২৮) নামে দমকল বাহিনীর এক সদস্য মারা গেছেন। এ সময় আহত হয়েছেন হাবিবুর রহমান (২৬) নামে আরেক সদস্য। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় মধ্যরাতে লাগা আগুন সকাল নাগাদ নিয়ন্ত্রণে এসেছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়াও সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, সকাল ৮টার দিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়ন মারা গেছেন। এ ছাড়া আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান পা কেটে গেছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, 'ফায়ার সার্ভিস কর্মী নয়ন পানির পাইপ পাম্পে সংযোগ দেওয়ার জন্য কাঁধে নিয়ে সচিবালয় এলাকার ১ নম্বর ফটকের সামনের রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সচিবালয়ের আগুন নেভানোর জন্য ১৯টি ইউনিট পাঠানো হয়েছিল। কিন্তু ১০টি ইউনিট ফিজিক্যালি কাজ করেছে। কারণ কিছু গাড়ি ঢোকাতে সমস্যা হচ্ছিল।
তিনি জানান, ৬তলা থেকে ৯তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে।
আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগলো কেন, জানতে চাইলে তিনি বলেন, 'এটি একটি কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিকটেড এরিয়া। সব রুম তালাবদ্ধ ছিল, জানালা লাগানো ছিল। আমরা কাঁচ ভেঙে ভেঙে পানি দিয়েছি। চেষ্টা করেছি যাতে আগুন না ছড়ায়। পাশাপাশি রুমগুলো যত কম ক্ষতিগ্রস্ত হয়।'
ফায়ার সার্ভিস পক্ষ থেকে জানানো হয়েছে, সোহানুজ্জামান নয়ন ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার এই যুবক মূলত বিশ্বনাথ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তবে তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে, তার একটি বোনও রয়েছে। তার বাবা-মা এখনও জীবিত।
এমআই/এমইউ
-
১৯ অক্টোবর, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৬ ডিসেম্বর, ২০২৪
-
১৬ নভেম্বর, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
২০ এপ্রিল, ২০২৪
-
১৯ এপ্রিল, ২০২৪
-
০৯ অক্টোবর, ২০২৩