১৮ অক্টোবর, ২০২৫ ০৫:৩৩ পিএম

কার্গো ভিলেজে আগুন: শাহজালাল বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত

কার্গো ভিলেজে আগুন: শাহজালাল বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন। ছবি : সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে, সেখানে মূলত আমদানি করা পণ্য মজুত রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ৩০টি ইউনিট কাজ করছে, আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে বলে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে বাংলাদেশ নৌবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই কার্গো ভিলেজ এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে সিভিল এভিয়েশন ও বিমানবাহিনীর ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও ইউনিট যোগ দেয়।

এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, বিপুল পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক