১৫ ডিসেম্বর, ২০২৪ ০৩:২০ পিএম

বিসিএসে চিকিৎসকদের বয়স ৩৪ ও পোস্টগ্র্যাজুশেনে ভাতা বৃদ্ধির দাবি

বিসিএসে চিকিৎসকদের বয়স ৩৪ ও পোস্টগ্র্যাজুশেনে ভাতা বৃদ্ধির দাবি
ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: আগামী মঙ্গলবার মধ্যে (১৭ ডিসেম্বর) বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করে নতুন প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতাও বৃদ্ধি করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশের (ইউমব) সমাবেশে এই দাবি করা হয়।

চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ আছে জানিয়ে ইউমব’র মুখপাত্র ডা. মোবারক হোসেন বলেন, আগামী মঙ্গলবার মধ্যে (১৭ ডিসেম্বর) তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্ট ডা. মাহামুদুল হাসান চৌধুরী মাজেদ বলেন, ‘আমরা জানি, ট্রেইনি এবং রেসিডেন্ট চিকিৎসকরা হাসপাতালের প্রাণ। সরকারের পক্ষ থেকে তাদের যে ভাতা দেওয়া হয়, তা খুবই কম। সেইসঙ্গে সাধারণ কোটায় বয়স ২ বছর বৃদ্ধি করলেও চিকিৎসকদের চাকরির বয়স বৃদ্ধি করা হয়নি। যা ডাক্তারদের সাথে বৈষম্য। প্রশিক্ষণার্থী চিকিৎসকদেরকে নবম গ্রেডের সুযোগ-সুবিধা বা ৫০ হাজার টাকা ভাতা দিতে হবে। বিসিএসে ২ বছর বয়স বৃদ্ধি করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শরিফুল ইসলাম বলেন, ‘আন্দোলন করার প্রয়োজন ছিল না, পলিসি গতভাবে হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি। চিকিৎসকরা সবখানেই অবহেলিত। বাজেটের ২.৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। এটা অন্তত ৮.১০ দেওয়া উচিত ছিল। আমরা রাজপথে আসতে চাই নাই। চিকিৎসকদের দুর্ভোগ লাগব করতে হবে, ভাতা বৃদ্ধি করে দিতে হবে। আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও আমাদের দাবি পূরণ করা হয়নি।’

আরেক প্রশিক্ষণার্থী ডা. আরিফুজ্জামান বুলবুল বলেন, ‘আমরা স্বাস্থ্যখাতে অনেক পিছিয়ে আছি। এরমধ্যে চিকিৎসকরাও অনেক বেশি বৈষম্যের স্বীকার। আমরা কখনোই রাজপথে আসতে চাই না, আমাদের যৌক্তিক দাবিগুলোর কর্তৃপক্ষ বিবেচনা করুন। আমাদেরকে নূন্যতম ভাতা দেওয়া হয়, এই ঢাকার শহরে নিজেদের চালানোর জন্য উপযুক্ত নয়। আমরা আমাদের নিজেদের পেট চালাতে পারি না।’

শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের এফসিপিএসের প্রশিক্ষণার্থী ডা.ইমরান বলেন, ‘ভাতা খরচ না ইনভেস্টমেন্ট। ইনভেস্ট করলে ভালো চিকিৎসক পাবে জাতি, আজকের পরে আমাদের যেন রাস্তায় আসতে না হয় আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশিক্ষণার্থী ডা.সরোয়ার জাহান বলেন, ‘বিগত ১৫ বছরে সব খরচ বাড়লেও আমাদের ভাতা বাড়েনি, আজকে রোগীরা ভারতে যাচ্ছে, এর কারণ ভারতের ডাক্তাররা আমাদের নামে নেগেটিভ প্রচার-প্রচারণা চালাচ্ছে। দেশের আমলাদের কারণে আমাদের যৌক্তিক দাবিগুলো আটকে আছে, এখনও নয়া বাংলাদেশের হাওয়া তাদের গায়ে লাগেনি। আমাদের দাবি আদায় না করে আর ফিরব না।’

বিএসএমএমইউর এফসিপিএস প্রশিক্ষণার্থী ড.মাহামুদুল বাসার বলেন, ‘এই প্রতিবাদ জানানো আমাদের জন্য দুঃখজনক। আমাদের মাত্র ২৫ হাজার টাকা দিয়ে চিকিৎসাসেবা দিতে বাধ্য করা হচ্ছে। এই বৈষম্য নিয়ে আমরা কিভাবে চিকিৎসা সেবা দিতে পারি? দাবি পূরন না করলে চিকিৎসা সেবা বন্ধ করে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আগামী মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। সেইসঙ্গে সরকারি চাকরিতে চিকিৎসকদের বয়সসীমা ৩২ থেকে ৩৪ করতে হবে। প্রজ্ঞাপন করা না হলে অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

বিএসএমএমইউ রেসিডেন্ট ড. রুহুল আমিন বলেন, ‘আজকে ডাক্তারদের কোন সুবিধা দেওয়া হচ্ছে না, ডাক্তারদের জীবন কঠিন করে রাখা হয়েছে। অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত থাকলে ডাক্তাররা কখনোই ভালো সেবা দিতে পারবে না৷’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধি
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক