১৭ ডিসেম্বর, ২০২৪ ০৯:০৬ পিএম

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ও ভাতা বৃদ্ধির দাবি এনডিএফের

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ও ভাতা বৃদ্ধির দাবি এনডিএফের
লোগো। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের বিসিএসে আবেদনের বয়সসীমা বৃদ্ধি ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের পারিতোষিক বৃদ্ধির দাবির সাথে একাত্মতা পোষণ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি এ কথা জানিয়েছে।

এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে প্রেরণ করেছেন।

বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে আপনাদের জানাচ্ছি যে, সম্প্রতি সরকারি প্রজ্ঞাপনে বিসিএস পরীক্ষার বয়সসীমা অন্যান্য ক্যাডারের জন্য দুই বছর বৃদ্ধি করা হলেও চিকিৎসকদের জন্য এই সুবিধা প্রযোজ্য হয়নি। পূর্বে, অন্যান্য ক্যাডারের বয়সসীমা ছিল ৩০ বছর এবং চিকিৎসকদের জন্য ৩২ বছর। তবে নতুন প্রজ্ঞাপনে অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে বয়সসীমা দুই বছর বাড়ানো হলেও চিকিৎসকদের জন্য কোনো পরিবর্তন করা হয়নি।’

এতে আরও বলা হয়, ‘সাধারণ স্নাতক সম্পন্ন করতে যেখানে চার বছর সময় লাগে, সেখানে চিকিৎসকদের এমবিবিএস এবং ইন্টার্নশিপ শেষ করতে ছয় থেকে সাত বছর সময় প্রযোজন। এর পরেও চিকিৎসকদের জন্য বয়সসীমা বৃদ্ধি না করা বৈষম্যের পরিচয়, যা বৈষম্যহীন বাংলাদেশের ধারণার সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। ন্যাশনাল ডক্টরস ফোরাম এই বৈষম্যের তীব্র নিন্দা জানাচ্ছে।’

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের পারিতোষিকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনিরা তাদের কাজের পাশাপাশি পরিবার এবং অভিভাবকদের দেখভাল করেন। অথচ এই চিকিৎসকদের মাসিক ভাতা মাত্র ২৫ হাজার টাকা, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত অপ্রতুল। আমাদের দাবি, পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনিদের ভাতা ন্যূনতম ৫০ হাজার টাকায় উন্নীত করা বা নবম গ্রেডের সমমান করা হোক।’

ন্যাশনাল ডক্টরস ফোরাম এই দুইটি ন্যায়সঙ্গত দাবির সাথে একমত পোষণ করছে এবং সাধারণ চিকিৎসকদের পাশে থেকে এই দাবিগুলো আদায়ে কাজ করার ঘোষণা দিচ্ছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাই যে, দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকদের এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ন্যাশনাল ডক্টরস ফোরাম
  এই বিভাগের সর্বাধিক পঠিত