০৬ অক্টোবর, ২০২৬ ১০:৫৮ এএম
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, ভাঙচুর ও চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটি বলেছে, চিকিৎসায় অবহেলার অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে; কিন্তু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসাসেবা ব্যাহত করা, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এমন কেউ হামলায় জড়িত থাকলে, দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৫) এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

সংগঠনের অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে যুবদল নেতা শাহরিয়ার সবুজের নেতৃত্বে একদল ব্যক্তি ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়ে বিক্ষোভ, ডাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় শতাধিক ব্যক্তি হাসপাতালে অবস্থান নিয়ে। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় হাসপাতালের ১০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। 

কোনো রোগীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এনডিএফ নেতারা বলেন, চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে। কিন্তু রোগীর মৃত্যুর প্রতিবাদে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অর্থ দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‘একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে হাসপাতাল বা চিকিৎসকদের ওপর হামলা আরও উদ্বেগজনক। বিএনপি, যুবদল, ছাত্রদল কিংবা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের পরিচয় ব্যবহার করে কেউ যদি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর বা ভয়ভীতি প্রদর্শন করে থাকে, তাহলে তার বিরুদ্ধে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

নিহত কিশোরীর পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এনডিএফ। একই ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত