০৬ অক্টোবর, ২০২৬ ১২:০১ পিএম

দিমেক হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা: ৬ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার

দিমেক হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা: ৬ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ছয় ঘণ্টা পর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন স্বজনকে দেখতে প্লাবন (৩৫) নামে এক ব্যক্তি সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতালে আসেন। তিনি রোগীর চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ‘উশৃঙ্খল আচরণ’ করেন।

এ সময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা কীভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, সে বিষয়ে জানতে চান এবং চিকিৎসার বিষয়ে প্লাবনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান প্লাবন। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকদের ওপর চড়াও হন তিনি। প্লাবন নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দেন এবং একপর্যায়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের গায়ে হাত তুলেন।

এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্লাবনকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। সন্ধ্যার দিকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সময় হাসপাতালের পরিচালক ও উপাধ্যক্ষকেও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর প্লাবনের অর্ধশতাধিক দলীয় অনুসারী হাসপাতালে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল পরিচালক, কলেজের অধ্যক্ষ, পুলিশ সুপার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আলোচনায় বসেন।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মামলার পর দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সাধারণ সম্পাদক প্লাবনসহ দুজনকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে আটক করা হয়।

পরে তাদের থানায় নেওয়ার সময় হাসপাতালের বাইরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে আটক ব্যক্তিদের পুলিশের কাছ থেকে নিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেন। তাদের দাবি, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকরা সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করেন।

এ সময় ইন্টার্ন চিকিৎসক ডা. মুসা মিয়া বলেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আপাতত ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত রেখে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করা না হলে কিংবা কোনো কারণে বাস্তবায়নে বিলম্ব হলে, ২৪ ঘণ্টা পর তারা পুনরায় কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

অন্যদিকে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘চিকিৎসকরা সাময়িক কর্মবিরতি দিয়েছিলেন, তারা এখন কাজে যোগদান করবেন।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
  এই বিভাগের সর্বাধিক পঠিত