স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্বাস্থ্য সেক্টরের প্রামাণ্য দলিল ‘জুলাই স্মারক’ উপহার
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেক্টরের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সম্পাদনায় প্রকাশিত ‘জুলাই স্মারক’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সর্দার মোঃ সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের হাতে তুলে দিয়েছে এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণ শাখা।
সম্প্রতি ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সহকারী অধ্যাপক ডা. মারুফ শাহরিয়ার এবং ঢাকা মহানগরী দক্ষিণের লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ও বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান ‘জুলাই স্মারক’ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এনডিএফ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সভাপতি সহযোগী অধ্যাপক ডা. বোরহান উদ্দিন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. মেহেদী হাসান।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সচিবের হাতেও সৌজন্য উপহার হিসেবে ‘জুলাই স্মারক’ তুলে দেওয়া হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ এবং প্রজন্ম থেকে প্রজন্মে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ স্মারক প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে এটি জুলাইয়ের ঘটনাপ্রবাহ ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণযোগ্য দলিল হিসেবে বিবেচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এমআর/