মহিলাদের ‘পিংক বাস’ সেবার উদ্বোধন কাল, পরিচালনায় থাকবেন নারীরা
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।
এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে।
আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) নারী যাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিআরটিসি।
এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
বিআরটিসির নতুন এই সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা একই ধরনের যাত্রীদের সঙ্গে তুলনামূলক স্বস্তিতে যাতায়াতের সুযোগ পাবেন। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী নারীদের জন্য এ ধরনের বাস সার্ভিস কার্যকর ভূমিকার পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেএইচ/