১৩ ডিসেম্বর, ২০২৩ ০৩:৫৫ পিএম

বর্ধিত ভাতা পেলেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা

বর্ধিত ভাতা পেলেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাত থেকে চেক গ্রহণ করছেন একজন রেসিডেন্ট চিকিৎসক। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: ঘোষণার প্রায় পাঁচ মাস পর বর্ধিত ভাতা পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত ইনস্টিটিউটে অধ্যয়নরত বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। 

আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিএসএমএমইউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসকদের হাতে চেক তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই জনগণের ট্যাক্সের টাকায় চলি, সেই কথা যেন ভুলে না যাই। দেশের সর্বমোট ৬ শতাধিক হাসপাতালের চিকিৎসককে সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি শতভাগ নিশ্চিত করতে হবে।’

বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও দেশেই চিকিৎসাসেবা নিতে পছন্দ করেন। আমাদের লক্ষ্য হলো দেশের রোগীরা যাতে চিকিৎসাসেবার জন্য দেশের বাইরে না যান। সে লক্ষ্য পূরণে দেশেই সকল ধরনের জটিল চিকিৎসা স্বল্প ব্যয়ে নিশ্চিত করার কাজ চলছে। তবে এ লক্ষ্য পূরণে অবশ্যই দক্ষ জনবল সুনিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্নের কথা বলেন না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করতে জানেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে দেখিয়েছেন। স্মার্ট হেলথ কেয়ারসহ স্মার্ট বাংলাদেশও তার নেতৃত্বে বাস্তবায়ন হবে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. রনজিত কুমার সরকার, বিএসএমএমইউ প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইসচ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন আমাদের স্যাররা অনেক কাজ করছেন। ই-লকবুক, ই-লাইব্রোরি, চিকিৎসা সেবার ডিজিটালাইজেশন—এর সবই করছেন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জন্য। প্রতিটি কাজে আমাদের সহযোগিতা আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।’

ডা. জাবির হোসেন বলেন, ‘পৃথিবীর কোথাও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা প্রদান করা হয় না—স্যারদের কাছে বিষয়টি পরিষ্কার করেছি। আমরা স্যারদের বলেছি, পৃথিবীর প্রতিটি দেশেই পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান করা হয়। পঞ্চাশ হাজার টাকা ভাতা প্রদানে আমাদের দাবিটি এশিয়ায় সর্বনিম্ন। আশা করি, ভবিষ্যতে আমাদের দাবি পূরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টা এবং স্যারদের একান্ত প্রচেষ্টা এটা পাবো আমরা।’

এ সময় ভাতা আরও এক ধাপ বাড়ানো হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এটা এতটুকু বাড়ানো হবে, যা দিয়ে আমাদের পরিবার চালানো সম্ভব হবে।

এ বিষয়ে প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. হাবিবুর রহমান সোহাগ মেডিভয়েসকে বলেন, ‘আমাদের ভাতা বৃদ্ধির আন্দোলন কিছুটা হলেও যে আলোর মুখ দেখেছে। এ জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে আমাদের ভাতা যা হওয়া উচিত, সেটা বাস্তবায়নে যেন কর্তৃপক্ষ নজর দেন সে ব্যাপারে অনুরোধ করছি। ভাতা বৃদ্ধির দাবিতে আমাদের যে আন্দোলনটা ছিল, মেডিকেল সেক্টরে এ রকম একতাবদ্ধ আন্দোলন এর আগে হয়নি। শেষ পর্যন্ত এটা কিছুটা হলেও সফলতার মুখ দেখেছে, এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’

পরবর্তীতে চিকিৎসকদের যেকোন ন্যায্য অধিকার আদায়ে প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন সোচ্চার থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ১৬ জুলাই এ ঘোষণা দেন তিনি। ঘোষণার প্রায় পাঁচ মাস পর বর্ধিত ভাতা পেলেন চিকিৎসকরা।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত