০৯ ডিসেম্বর, ২০২৪ ০৬:১৯ পিএম

বিএসএমএমইউর ভিসির দায়িত্ব নিলেন অধ্যাপক শাহিনুল আলম

বিএসএমএমইউর ভিসির দায়িত্ব নিলেন অধ্যাপক শাহিনুল আলম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সোমবার (৯ ডিসেম্বর) এই দায়িত্ব বুঝে নেন তিনি।

এদিন সদ্য সাবেক ভাইস চ্যান্সেলর ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে ৪ ডিসেম্বর অধ্যাপক শাহিনুল আলমকে ভিসি হিসেবে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

দায়িত্ব গ্রহণকালে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

৪ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ করায় ভাইস চ্যান্সেলর পদটি শূন্য হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউ আইন, ১৯৯৮ এর ধারা ১৩ অনুযায়ী জ্যেষ্ঠ প্রো-ভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম অস্থায়ী ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলেও উল্লেখ ছিল তাতে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন ওই অফিস আদেশে সই করেন। এ ছাড়া ১ সেপ্টেম্বর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমকে প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

অধ্যাপক শাহিনুল আলমের বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ডা. শাহিনুল আলমের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। কর্মজীবনে তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের গত ১৫ বছরে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন।

মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি/এনএএফএলডি) বিষয়ে দেশের অগ্রগামী বিজ্ঞানী।

তিনি এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য ২০২০ সালে ‘মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজের নির্ণয় এবং পরিচালনার জন্য ক্লিনিক্যাল অনুশীলন নির্দেশিকা’ গবেষণা করেন। এ ছাড়া অস্ট্রেলিয়া, জাপান, চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশসহ ২৯টি দেশের বিজ্ঞানীদের সঙ্গে অনেক গবেষণাপত্রে কাজ করেছেন। স্কোপাস হিসেবে ডা. শাহিনুল আলম এফসিপিএস (মেডিসিন) এবং ডক্টরেট অব মেডিসিন (এমডি) করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক হেপাটোলজির নেতৃস্থানীয় বিজ্ঞানীদের সংস্থা ‘গ্লোবাল ন্যাশ কাউন্সিলের’ সম্মানিত সদস্য। তিনি ২০টি থিসিস তত্ত্বাবধান করেছেন এবং পাঁচটি থিসিসের সহ-তত্ত্বাবধান করেছেন, যারা ডক্টরেট অব মেডিসিন (এমডি) হেপাটোলজি ডিগ্রি লাভ করেছেন।

খ্যাতনামা এই চিকিৎসক বিএসএমএমইউর সাতটি গবেষণা প্রকল্পের প্রধান তদন্তকারী এবং সহ-তদন্তকারী হিসেবে অনুদান পান। এর মধ্যে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনজন।

কোর্স সমন্বয়কারী এবং এমডি হেপাটোলজি কোর্সের পাঠক্রম কমিটির সদস্য সচিব হিসেবে অধ্যাপক ডা. শাহীনুল বিএসএমএমইউতে ২০১১ সালে শুরু হওয়া ‘রেসিডেন্সি ভিত্তিক’ পাঠক্রমের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স কমিটির (আইকিউএসি) সদস্য সচিব হিসেবে তিনি মূল্যায়নের আয়োজন করেন এবং কোর্সটি আপগ্রেড করার সুপারিশ করেন।

বিএসএমএমইউর এই অধ্যাপক হেপাটোলজির ওয়ার্ল্ড জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য। তিনি বর্তমানে এলসেভিয়ার, স্প্রিংগার, ব্ল্যাকওয়েল পাবলিশিং, উইলি, স্প্রিংগার নেচারসহ বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক প্রকাশকদের পর্যালোচনাকারী হিসেবে অবদান রাখছেন।

অধ্যাপক ডা. শাহীনুল আলম ২০০৯ সাল থেকে ঢাকার হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি ‘বাংলাদেশের ফ্যাটি লিভার রোগীদের জন্য খাদ্যতালিকাগত পরামর্শ’ বিষয়ে ফুড পিরামিডের কপিরাইট অর্জন করেন।

তিনি এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপিএএসএল) ও ইউরোপীয় অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের (ইএএসএল) সদস্য। এ ছাড়া ইন্ডিয়ান সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজি ও ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

এর বাইরে দ্য স্টাডি অব দ্য লিভার (আইএনএএসএল), ব্রিটিশ সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজির (বিএসজি) সহযোগী সদস্য, ইউরোপীয় সোসাইটি অব গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপির (ইএসজিই) সদস্য এবং ইন্ডিয়ান সোসাইটি অব গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপির (আইএসজিই) আজীবন সদস্য।

এর আগে গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পান বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের এই চেয়ারম্যান।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত