প্রমাণ-ভিত্তিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা পেশায় প্রমাণ-ভিত্তিক চিকিৎসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএসএমএমইউর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উচ্চতর চিকিৎসা শিক্ষায় ডিগ্রি অর্জনের লক্ষ্যে নবাগত রেসিডেন্ট চিকিৎসক-শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি।
নবাগত রেসিডেন্টদের শপথ বাক্য পাঠ করান বিএসএমএমইউ ভিসি। শপথ অনুষ্ঠানে অংশ নেনে এক হাজার ২৩৮ জন রেসিডেন্ট। এর মধ্যে রয়েছে সার্জারি অনুষদে ৫৩৭ জন, মেডিসিন অনুষদে ৩৭৫ জন, শিশু অনুষদে ১১৫ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ১৩০ জন এবং ডেন্টাল অনুষদে ৮১ জন।
তিনি বলেন, অভিজ্ঞতার মধ্য দিয়ে জ্ঞানের গভীরে প্রবেশ করে প্রমাণ-ভিত্তিক চিকিৎসাবিদ্যা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। গবেষণায় যুক্ত হয়ে নতুন নতুন উদ্ভাবনী জ্ঞানের আলোর দুয়ার খুলে দিতে হবে। সুপ্ত জ্ঞান ও বিজ্ঞানের অফুরন্ত ভান্ডারকে কাজে লাগিয়ে গবেষণার মাধ্যমে চিকিৎসা বিষয়ে নোবেলের মতো বিশ্বখ্যাত পুরস্কার অর্জন করতে পারবেন রেসিডেন্টরা।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, জাতীয় প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে চিকিৎসা পেশায় বিশেষজ্ঞ তৈরি করতে হবে। চিকিৎসা শিক্ষায় জ্ঞান অর্জন ও চিকিৎসা সেবা দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যেকোনো হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানে বিদ্যমান সুযোগ-সুবিধার মধ্যেই অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগের সামর্থ্য অর্জন করতে হবে। চিকিৎসা পেশার নীতি নৈতিকতা ধারণ করতে হবে এবং রোগীদের অসন্তুষ্টি দূর করার দিকেও গুরুত্ব দিতে হবে।
এছাঢ়া ও অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘যোগাযোগ বিষয়ে দক্ষতা বৃদ্ধি, লিডারশিপ ও দল পরিচালনার গুণাবলি অর্জন করা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে দক্ষতা অর্জন করা, নতুন নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে যুক্ত করা এখন সময়েরই দাবি, যা রেসিডেন্টদের শিখতে হবে, অর্জন করতে হবে। আমার ও আমিত্বকে ভুলে গিয়ে অর্জিত জ্ঞানকে নিজের মধ্যে না রেখে বিশ্বকল্যাণে ছড়িয়ে দিতে হবে।’ মানুষের সুস্বাস্থ্যের সাথে সকল শ্রেণী-পেশার মানুষ, পৃথিবীর সকল দেশ, সকল প্রাণী, পরিবেশ, পানি, বাতাস, খাদ্যসহ সমগ্র পৃথিবী যুক্ত। তাই মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে নিরাপদ পানি, নিরাপদ খাদ্য, বিশুদ্ধ বায়ূ, পর্যাপ্ত অক্সিজেন অবশ্যই নিশ্চিত করতে হবে, তাই এই সব বিষয়েও পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক।
বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন— প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর ডা. শেখ ফরহাদ।
নিজ নিজ অনুষদের নবাগত রেসিডেন্ট শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান এবং ডেন্টাল অনুষদের কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
টিআই
-
০২ ফেব্রুয়ারী, ২০২৫