অভিভাবকদের অযথা চাপ শিশুর মানসিক ক্ষতির কারণ: ডা. এবিএম আব্দুল্লাহ
মেডিভয়েস রিপোর্ট: অভিভাবকরা অযথা চাপ প্রয়োগে শিশুদের মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। সমস্যা সমাধানে বাবা-মায়েদের সহনশীল আচরণের পরামর্শও দিয়েছেন তিনি।
আজ শনিবার (২৯ জুন) গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্সের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে এই সেমিনার আয়োজিত হয়। সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান সেমিনারে সভাপতিত্ব করেন।
এ সময় শিশুর সুরক্ষায় অভিভাবকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণের ওপর জোর দেন আলোচকরা। তবে পারিবারিকভাবে গুরুত্বারোপের পাশাপাশি স্কুল কলেজ থেকেও মানসিক স্বাস্থ্যের পর্যবেক্ষণ জরুরি বলেও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘শিশুদের সুস্থ-স্বাভাবিক-পরিপূর্ণ বিকাশের জন্য মানসিক স্বাস্থ্যের বিকাশ জরুরি হলেও এটি সব মহলে তেমন গুরুত্ব পচ্ছে না। এজন্য নীতি-নির্ধারণী উদ্যোগ ও কর্মসূচি দরকার। শহরের পাশাপাশি গ্রামের শিশুদের জন্য এরকম কর্মসূচি প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘অভিভাবকরা অনেক সময় শিশুদের ওপর অযথা চাপ প্রয়োগ করেন, তাদের প্রতিযোগিতার দৌড়ে নামিয়ে দেন। এরকম চর্চা শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং তাদের মানসিক ক্ষতির কারণ হতে পারে। এজন্য বাবা-মাসহ অভিভাবকদের শিশুদের প্রতি সহনীয় আচরণ করতে হবে।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন বলেন, ‘শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশে সরকারিভাবে একটি জাতীয় রূপরেখা তৈরি করা প্রয়োজন। বাংলাদেশ শিশু একাডেমির পক্ষ থেকে এ সংক্রান্ত উদ্যোগ নেওয়া হবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর বরাতে সেমিনারে বলা হয়, বাংলাদেশের জনসংখ্যার ১৬ দশমিক ৮ শতাংশ (২৮ মিলিয়নের বেশি) হালকা থেকে গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছে।
এই সমীক্ষা অনুযায়ী, ৭ থেকে ১৭ বছর বয়সী ১৪ শতাংশ শিশুর মানসিক অসুস্থতা রয়েছে। এর মাঝে ৯৫ শতাংশই কোনো ধরনের পরামর্শ বা চিকিৎসার আওতায় আসে না। অভিভাবকরা শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে চিহ্নিতও করতে পারেন না। এ অবস্থা সমস্যাটিকে আরও প্রকট করে তোলে।
শিশুদের সুস্থ বিকাশের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি শীর্ষক একটি প্রকল্প পরিচালনা করা হয়। প্রকল্পের আওতায় ঢাকা, বরগুনা ও টাঙ্গাইলের ১০টি স্কুলের ৪০০ জন অভিভাবককে শিশুদের মানসিক স্বাস্থ্য সাক্ষরতা সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এনএআর/
-
১৪ নভেম্বর, ২০২৩
-
২৬ অক্টোবর, ২০২৩
-
২৫ অক্টোবর, ২০২৩
-
০৭ জুলাই, ২০২২
-
১৯ জুন, ২০২২
সকল বাবার প্রতি অতল শ্রদ্ধা
বাবা, উত্তপ্ত সূর্যের নিচে সন্তানের শীতল ছায়া
-
২৮ মার্চ, ২০২২