সারা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৭১ জন ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহে ২৩ জন, চট্টগ্রামে ৯১ জন, খুলনায় ৩৪ জন, রাজশাহীতে ১৭ জন, বরিশালে ৬৯ জন এবং সিলেটে দুজন রয়েছেন।
চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৫ হাজার ৬৮১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪৫৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৬৯ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।
এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন। এ সময় মারা যান ৫৭৫ জন।
অন্যদিকে ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দেয়। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।
এনএইচ/