হামের প্রকোপে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮৭২
মেডিভয়েস রিপোর্ট: দেশে হাম পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন সিলেট বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং অন্যজন রংপুর বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত ১৩৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭৪৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ৯৬ শিশু।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ৬৮৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৩৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ আগস্ট সকাল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৯ হাজার ৬১ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১৬ হাজার ১৮০ জনের।
এ সময়ে হাম আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে মোট এক লাখ ১১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ সাত হাজার ৩৯৭ জন।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএইচ/