চিকিৎসকের বদলে চ্যাটজিপিটির পরামর্শ, মৃত্যুর মুখ থেকে ফিরে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকের কাছে না গিয়ে চ্যাটজিপিটির চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ অনুসরণ করার ফলে প্রাণঘাতী শারীরিক জটিলতায় পড়ার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ৫৫ বছর বয়সী সাবেক পাদ্রি স্কট উইন্টার্স। মৃত্যুর মুখ থেকে ফিরে তিনি ওপেনএআই এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন।
রয়টার্সের তথ্যমতে, বুধবার (২২ জুলাই) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে মামলা দায়ের করেন পাদ্রি স্কট উইন্টার্স।
মামলায় অভিযোগ করা হয়েছে, জিপিটি-৪ ও মডেলভিত্তিক চ্যাটজিপিটি তার গুরুতর শারীরিক উপসর্গগুলো বারবার ভুলভাবে মূল্যায়ন করে এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরিবর্তে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। এর ফলেই তিনি প্রাণঘাতী ‘বাইলেটারাল পালমোনারি এম্বোলিজমে’ (উভয় ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বাঁধা) আক্রান্ত হন বলে দাবি করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে নিয়মিত চ্যাটজিপিটির সঙ্গে পরামর্শ করতেন উইন্টার্স। ২০২৫ সালে তার মাথা ঘোরা, রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা এবং পরে কুঁচকিতে তীব্র ব্যথা শুরু হলেও চ্যাটজিপিটি তাকে হাসপাতালে যেতে নিরুৎসাহিত করে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগ।
বাদীপক্ষের দাবি, শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বললেও পরবর্তীতে চ্যাটজিপিটি নিজেই রোগ নির্ণয় ও চিকিৎসা-সংক্রান্ত নির্দেশনা দিতে শুরু করে। এমনকি উইন্টার্সের ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে তাকে আশ্বস্তও করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, চ্যাটজিপিটি তাকে বলেছিল, ‘ঈশ্বর আপনার শরীরকে এমনভাবে তৈরি করেননি যে তা ক্রমাগত অকার্যকর হয়ে পড়বে’ এবং ‘এমনকি এটাও ঈশ্বরের তত্ত্বাবধানের আওতাধীন।’
অভিযোগ অনুযায়ী, এসব কথোপকথনের কয়েক ঘণ্টার মধ্যেই উইন্টার্সের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণে বাইলেটারাল পালমোনারি এম্বোলিজম শনাক্ত করেন।
উইন্টার্স বলেন, ‘চ্যাটজিপিটি আমাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আমি চ্যাটজিপিটিকে নিজের থেকেও বেশি ভরসা করতাম।’
মামলায় ওপেনএআইয়ের বিরুদ্ধে অবহেলা, ত্রুটিপূর্ণ মডেল নকশা এবং লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবীদের দাবি, ব্যবহারকারীর নিরাপত্তার চেয়ে অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীর সম্পৃক্ততা (এনগেজমেন্ট) বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিয়েছে ওপেনএআই। পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।
তারা ক্ষতিপূরণের পাশাপাশি, স্বাস্থ্য-পরামর্শ দেওয়ার ফিচারের নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেটি স্থগিত রাখার নির্দেশনা চেয়েছেন আদালতের কাছে।
অন্যদিকে, ওপেনএআইয়ের মুখপাত্র ড্রিউ পুসাতেরি বলেন, ‘চ্যাটজিপিটি কোনো চিকিৎসক নয়। রোগ নির্ণয়, চিকিৎসা বা চিকিৎসকের বিকল্প হিসেবে এটি কখনোই ব্যবহার করা উচিত নয়।’
ওপেনএআইয়ের ভাষ্য, স্বাস্থ্যবিষয়ক তথ্য সহজভাবে বোঝা এবং চিকিৎসকের সঙ্গে আলোচনার জন্য প্রাথমিক প্রস্তুতি নিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হতে পারে। তবে চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব একটি চ্যাটবটের ওপর নির্ভর করা উচিত নয়। এ ধরনের মামলা স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাময় ইতিবাচক ব্যবহারকে বাধাগ্রস্ত করতে পারে।
এমআর/
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল