মাইক্রোবাসচাপায় ডা. হিল্লোল দে’র মৃত্য, পলাতক চালক গ্রেপ্তার
মেডিভয়েস রিপোর্ট: ভোলার লালমোহন উপজেলায় মাইক্রোবাস চাপায় ৪২তম বিসিএসের ডা. হিল্লোল দে’র মৃত্যুর ঘটনার ২৫ দিন পর সিরাজগঞ্জ জেলার চৌহলী উপজেলা থেকে মাইক্রোবাসের চালক মো. এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এরশাদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের শুক্কুর মিয়ার ছেলে।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে ভোলার পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রবিবার সিরাজগঞ্জ জেলার চৌহলী উপজেলার চরকোদালিয়া পূর্বপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩ আগস্ট ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. হিল্লোল চন্দ্র দে বোরহানউদ্দিন উপজেলা থেকে তার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল লালমোহনে আসছিলেন। পথে কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফরাজী বাজারের উত্তর পার্শ্বে বাকলাইয়ের দোকানের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের ওপরে সকালে সাড়ে ১১টার দিকে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস ওই চিকিৎসককে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ঘাতক মাইক্রোবাস চালক পালিয়ে যায়।
পরবর্তীতে ডা. হিল্লোল চন্দ্র দে-এর চাচা সজল চন্দ্র দে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে লালমোহন থানায় মামলা দায়ের করেন। এ মামলার আলোকে পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান আসামি মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করার জন্য একাধিকবার অভিযান পরিচালনা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭ আগস্ট সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চরকোদালিয়া পূর্ব পাড়া এলাকা থেকে আসামি মো. এরশাদকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলছে বলেও জানান তিনি।
-
২০ জুলাই, ২০২৫
-
২৯ অক্টোবর, ২০২৪
-
২৯ অগাস্ট, ২০২৩
-
২৩ মার্চ, ২০২৩
-
২৮ নভেম্বর, ২০২২