বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় বছরের সেরা গাজার চিকিৎসক আবু সাফিয়া
মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। এবার প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় হাসপাতাল সচল রাখা, রোগীদের চিকিৎসা দেওয়া এবং নিজের সন্তান হারানোর শোকের মধ্যেও দায়িত্ব পালন—এসব অবদানের স্বীকৃতিতে এ তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়া। তালিকায় সামগ্রিকভাবে তার অবস্থান ৫০তম।
আজ শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডা. হুসাম আবু সাফিয়া উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ও একজন শিশু চিকিৎসক। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে হাসপাতালটিতে বারবার হামলা, চিকিৎসাসামগ্রীর সংকট এবং ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যেও তিনি চিকিৎসাসেবা চালিয়ে যান। এমনকি নিজের সন্তানকে হারানোর ব্যক্তিগত শোকও তাকে দায়িত্ব থেকে সরিয়ে রাখতে পারেনি।
২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে ডা. হুসাম আবু সাফিয়াকে আটক করে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তিনি ইসরায়েলের হেফাজতে রয়েছেন বলে জানানো হয়েছে।
যৌথভাবে শীর্ষে পাঁচ মুসলিম নেতা
এবারের ‘দ্য মুসলিম ৫০০’ এর শীর্ষস্থানেও রয়েছে ব্যতিক্রমী সিদ্ধান্ত। প্রথমবারের মতো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন।
তারা হলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলোর মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের যৌথভাবে শীর্ষে রাখা হয়েছে।
‘ওম্যান অব দ্য ইয়ার’ ইরানের শিক্ষার্থী
এবারের তালিকায় ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইরানের শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশটির মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলা থেকে বেঁচে যান তিনি।
হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদের স্মরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ঘটনার বিষয়ে কথা বলার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদেও বক্তব্য দিয়েছেন।
তালিকায় আরও যারা রয়েছেন
শীর্ষ দশে যৌথভাবে প্রথম পাঁচ নেতার পর চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মোজতবা খামেনি, পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। সপ্তম স্থানে পাকিস্তানের ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাম্মদ তাকি উসমানি এবং অষ্টম স্থানে ইয়েমেনের আলেম হাবিব ওমর বিন হাফিজ রয়েছেন।
এ ছাড়া তালিকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৩তম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ১৬তম এবং নাহদাতুল উলামার চেয়ারম্যান ইয়াহইয়া চোলিল স্তাকুফ ২১তম স্থান পেয়েছেন।
ভারতেরও বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিত্ব এবারের তালিকায় স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ড. বাহাউদ্দিন মুহাম্মদ জামালুদ্দিন নদভী, শেখ আবুবকর আহমদ, সৈয়দ ইব্রাহিমুল খলিল আল-বুখারি, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাদ কান্ধলভি, মুফতি আবুল কাসিম নোমানি ও ডা. জাকির নায়েক।
প্রসঙ্গত, জর্ডানের আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রতিবছর ‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশ করে। এতে ধর্মীয় জ্ঞানচর্চা, রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড, সংস্কৃতি, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে মুসলিম বিশ্বের ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। বিশেষজ্ঞদের মূল্যায়ন, জনসাধারণের মনোনয়ন এবং বিভিন্ন সামাজিক সূচকের ভিত্তিতে তালিকাটি প্রস্তুত করা হয়।
এমআর/