১৪ নভেম্বর, ২০২৬ ০৪:৪৬ পিএম

জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে মূলধারায় আনার আহ্বান পরিবেশমন্ত্রীর

জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে মূলধারায় আনার আহ্বান পরিবেশমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনঃব্যবহারকে মূলধারার কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃত্তাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমির বিকল্প নেই।

শুক্রবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম সম্মেলনের (কপ-৩১) ব্লু জোনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘প্রবৃদ্ধি কি বর্জ্য উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে?’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনায় পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৃত্তাকার অর্থনীতি কেবল পরিবেশ সংরক্ষণের বিষয় নয়। এটি জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সুরক্ষা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ হাতিয়ার।

তিনি বলেন, বিশ্বে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি উপকরণ ও সম্পদ ব্যবহার করা হলেও এর ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহৃত হয়। উৎপাদন ও ভোগের মধ্যে এই ব্যবধান পরিবেশের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি মূল্যবান সম্পদের অপচয় ঘটাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টি তুলে ধরে মিন্টু বলেন, বন্যার সময় পানি নিষ্কাশনব্যবস্থা ও বর্জ্য অপসারণ কেন্দ্রগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব সরাসরি জনস্বাস্থ্য, পরিবেশ ও মানুষের জীবিকার ওপর পড়ে। তাই বাংলাদেশের জন্য বর্জ্য ব্যবস্থাপনা কোনো বিচ্ছিন্ন কর্মসূচি নয়; বরং জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির অপরিহার্য অংশ।

তিনি জানান, বর্জ্য কমানো, পুনঃব্যবহার ও পুনর্ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ইতোমধ্যে ‘থ্রি-আর’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) কাঠামো তৈরি করা হয়েছে। ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা প্রণয়নের কাজ চলছে।

পরিবেশমন্ত্রী আরও জানান, পরিবেশ অধিদপ্তর জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় সিরাজগঞ্জে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় শোধনাগার স্থাপন করেছে। এ উদ্যোগ পরিবেশসম্মত ও অর্থনৈতিকভাবে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনা তুলে ধরেছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃত্তাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কঠিন বর্জ্য, চিকিৎসাবর্জ্য, বস্ত্রবর্জ্য ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য উপকরণ পৃথকীকরণ ও পুনরুদ্ধারে সারা দেশে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন এবং প্রতিটি প্রশাসনিক বিভাগে একটি করে ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণে জলবায়ু সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে মিন্টু বলেন, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় সক্ষম অবকাঠামো গড়ে তুলতে হবে। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এমন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রকে কোনোভাবেই টেকসই বা জলবায়ু সহনশীল অবকাঠামো বলা যায় না।

প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি জানান, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (জিপিএপি) সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাস্তবায়িত হচ্ছে। এ উদ্যোগের প্রাথমিক লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্যের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন ও একটি কর্মপরিকল্পনা তৈরি করা। তবে সরকার এখন আরও বিস্তৃত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

এ লক্ষ্যে সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের নিয়ে একটি সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধে বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয়, একই কাজের পুনরাবৃত্তি পরিহার এবং বাস্তবায়নের প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আন্তর্জাতিক প্লাস্টিক চুক্তি নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পণ্যের তালিকা ও উদ্বেগজনক রাসায়নিক উপাদানের বিষয়গুলো ক্রমেই গুরুত্ব পাচ্ছে। ভবিষ্যতের বৈশ্বিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রাখতে সম্পদের দক্ষ ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্যের তালিকায় বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশের প্লাস্টিক শিল্পনীতিও সে লক্ষ্যেই এগোচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ সহায়তার জন্য বিশ্বব্যাপী ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের মতো উদ্যোগ রয়েছে। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্যও একটি পৃথক আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রথমে বর্জ্য উৎপাদন প্রতিরোধ এবং পরে সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা ও বৃত্তাকার অর্থনীতির অগ্রগতির জন্য বাংলাদেশের কারিগরি সহায়তা, অর্থায়ন এবং কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনায় বৃত্তাকার অর্থনীতির মাধ্যমে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনায় সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিড। এতে জার্মানির পরিবেশ, জলবায়ু কার্যক্রম, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তাবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. হাইকে হেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক