২৮ মে, ২০২৩ ০৯:৫৬ এএম

সিরাজগঞ্জে যুবকের পেট থেকে ১৫টি কলম বের করলেন চিকিৎসকরা

সিরাজগঞ্জে যুবকের পেট থেকে ১৫টি কলম বের করলেন চিকিৎসকরা
যুবকের পেট থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসকরা। ছবি: স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেইজ থেকে নেওয়া

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন হোসেন এক যুবকের পেটের ভেতর থেকে ১৫টি আস্ত কলম বের করেছেন চিকিৎসকরা। এই অসাধ্য সাধন করেছেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের একদল চিকিৎসক। 

শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে হাসপাৃতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও তাঁর দল রোগীর পেট থেকে কলমগুলো বের করেন। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ‘মানুষের পেটের ভিতর কলম, তাও আবার অনেক গুলো। সেই কলমগুলো কোন অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে বের করে আনা হয়েছে। রোগী এখন সুস্থ আছেন। তিনি মানসিক রোগী ছিলেন। এই অসাধ্য সাধন করেছে সার্জারী বিভাগ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে নিয়মিত এন্ডোস্কপি ও কোলনস্কপি পরীক্ষা হচ্ছে।’

মোতালেব হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের আটারদাগ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। ব্যথা ও অসুস্থতা নিয়ে একের পর এক চিকিত্সকের কাছে যাচ্ছিলেন তিনি। কিন্তু কোনো সমাধান মিলছিল না। গত ১৬ মে হাসপাতালে ভর্তি হন মোতালেব।

এ বিষয়ে হাসপাতালের কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান জানান, ‘রোগীটি প্রথমে পেটে ব্যথা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। পরে মেডিসিন ওয়ার্ডের চিকিৎসকরা এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম করেও পেটে কি সমস্যা সেটা শনাক্ত করতে পারছিলেন না। পরে কনসালটেন্ট হিসেবে রোগীটি আমার কাছে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘আমরা এন্ডোস্কপির মাধ্যমে পরীক্ষা করে তার পেটের ভেতর ১৫টি কলম দেখে প্রথমে চমকে যাই, এটা কীভাবে সম্ভব। পরে এন্ডোস্কপির মাধ্যমেই অপারেশন ছাড়াই আমরা কলমগুলো বের করার সিদ্ধান্ত নেই।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি মোটেও ছোট ছিল না, আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জিং ছিল কাজটা। কলমগুলো একে একে পাকস্থলীতে সেট হয়ে গিয়েছিল। কলমগুলো বের করতে আমাদের প্রথমে মাথায় চিন্তা ছিল যেন, কলমগুলোর কারণে যেন কোনোভাবেই শ্বাসনালিতে গিয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ না হয়ে যায়। এছাড়াও রক্তক্ষরণের একটা চিন্তাও মাথায় ছিল। অতঃপর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আমরা কলমগুলো বের করে নিয়ে আসতে সক্ষম হই।’

সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘এন্ডোস্কপি করা ব্যক্তি মানসিক অসুস্থ হওয়ায় তার কলম খাওয়ার অভ্যাস ছিল। এভাবে খেতে খেতে সে অনেক কলম খেয়ে ফেলে। কলমগুলো তার পেটের মধ্যে জমা হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষার পরে তার পেটের ভিতর ১৫টি কলম থাকার বিষয়টি নিশ্চিত হই। এবং অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে তার পেটের ভেতর থেকে একে একে ১৫টি আস্ত কলম বের করে আনি। রোগী সার্জারি বিভাগের চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।’ 

তিনি বলেন, ‘এন্ডোস্কপির মাধ্যমে মানুষের পেট থেকে কলম বের করার মতো ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। তাও আবার একটি-দুটি নয় ১৫টি কলম। এর আগে ঢাকা মেডিকেলে এক ব্যক্তির পেট থেকে এন্ডোস্কপির মাধ্যমে একটা মোবাইল বের করেছিলেন চিকিৎসকরা।’

এ বিষয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে এমন সাফল্য এটাই প্রথম। আমরা অত্যাধুনিক ভিডিও এন্ডোস্কপি মেশিনের মাধ্যমে এবং আমাদের দক্ষ ডাক্তার দ্বারা অপারেশন ছাড়াই শুধু এন্ডোস্কপির মাধ্যমে একজন মানসিক ভারসাম্যহীন মানুষের পেট থেকে ১৫টি কলম বের করে আনতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘শুধু এটাই নয়, আমরা বিনা অপারেশনে পেটের পাথর, কিডনিতে পাথর থেকে শুরু করে অনেককিছুই অপারেশন ছাড়াই সেগুলো অপসারণের কাজ করে যাচ্ছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিরাজগঞ্জ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক