‘শনাক্ত বিবেচনায় দেশে করোনায় মৃত্যুহার ১.৩১ ভাগ’
মেডিভয়েস রিপোর্ট: ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও আক্রান্ত বিবেচনায় বাংলাদেশে করোনায় মৃত্যুহার কমাতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ কথা বলেন তিনি।
করোনার সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় ইউরোপ-আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতও হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ ভাগ। দিনে দিনে আক্রান্তের হারও কমে যাচ্ছে। কোরবানি ঈদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলে নেওয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের রয়েছে।’
করোনার ভ্যাকসিন পাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশই করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথে রয়েছে। কোনো কোনো দেশ তৃতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যেই আছে। ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সে ব্যাপারে সরকার তৎপর রয়েছে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪