২৫ এপ্রিল, ২০২৬ ১০:২৫ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত

ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষের কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) একাডেমিক কার্যক্রম বন্ধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার এই সিদ্ধান্ত হয়।

কলেজের এ সংক্রান্ত জরুরি নোটিশে বলা হয়েছে, ‘গত ২৩ এপ্রিল তারিখের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণে আগামী সাত দিনের জন্য (৩০ এপ্রিল) সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হলো।’

এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শনিবার সকালে একাডেমিক কাউন্সিল প্রথম দফায় সাত দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

সেই বন্ধের মেয়াদ শেষ হওয়ার আগেই পুনরায় সভা করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৭ এপ্রিল মমেকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন। রাতে ছাত্রাবাসের একটি কক্ষ থেকে শুরু হওয়া এ সংঘর্ষের উত্তেজনা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মমেক ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাবকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নাফিউল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত