২০ জুলাই, ২০২৫ ০৬:০৫ পিএম

বিএমইউতে ক্যান্সার রেডিওথেরাপির দ্বিতীয় শিফট চালু, প্রতি মাসে সেবা পাবে ৬-৭শ’ নতুন রোগী

বিএমইউতে ক্যান্সার রেডিওথেরাপির দ্বিতীয় শিফট চালু, প্রতি মাসে সেবা পাবে ৬-৭শ’ নতুন রোগী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্যান্সার রোগীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালু হয়েছে। নতুন এই শিফট চলবে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। চালমান প্রথম শিফটে সকাল ৮টা থেকে আড়াইটা পর্যন্ত প্রতিদিন গড়ে ৪০–৪৫ জন রোগীকে রেডিওথেরাপি সেবা দেওয়া হতো। এখন আরও ২৫ জন রোগী প্রতিদিন এই সেবা নিতে পারবেন।

রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে এই নতুন শিফটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

দ্বিতীয় শিফট চালু হওয়ার ফলে প্রতি মাসে ৬০০ থেকে ৭০০ জন নতুন রোগী সেবার আওতায় আসবেন। এতে রোগী সংখ্যা দাঁড়াবে ১৭০০ থেকে ১৮০০।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই বিভাগে রয়েছে বিশ্বমানের রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিক্যাল ফিজিসিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্টের (রেডিওথেরাপি) সমন্বয়ে গঠিত সুদক্ষ রেডিয়েশন অনকোলজি টিম, যাঁরা ক্যান্সারে আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি সেবা প্রদান করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি চিকিৎসার দ্বিতীয় শিফট চালু হওয়া বিএমইউর অন্যান্য বিভাগের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। দুপুরে হলেই বিশ্ববিদ্যালয়ে যেন নিস্তব্ধতা নেমে আসে, রেসিডেন্টরা অভিভাবকহীন হয়ে পড়েন। এভাবে দ্বিতীয় শিফট চালু হলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সন্ধ্যা পর্যন্ত, এমন কি তারপরেও থাকবে প্রাণবন্ত থাকবে। এর মাধ্যমে এখানে অধ্যয়নরত রেসিডেন্ট শিক্ষার্থীরা উপকৃত হবেন।’

তিনি আরও বলেন, ‘রোগীরা বেশি করে চিকিৎসাসেবা পাবেন। অধিক সংখ্যক রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ পাবে। রেসিডেন্টরা নিজেদেরকে আরও দক্ষ করে গড়ে তুলতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা কার্যক্রমও আরও সমৃদ্ধ ও জোরদার হবে। জরুরি প্রয়োজনে রোগীরা আরও বেশি করে চিকিৎসা পাবেন। একই সাথে দ্বিতীয় শিফটের জন্য ফ্যাকাল্টি নিয়োগের বিরাট সুযোগ তৈরি হবে।’

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ তার বক্তব্যে রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালু করা বিএমইউর একটি বড় অর্জন ও প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ রোল মডেলে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গণমানুষের জন্য বিশেষ করে রোগীদেরকে অধিকতর সেবা প্রদানে নিবেদিত প্রাণকর্মী ও অঙ্গীকারাবদ্ধ। রেডিওথেরাপি চিকিৎসাসেবার দ্বিতীয় শিফট চালুও সেই প্রচেষ্টার সফল বাস্তবায়ন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে রেডিওথেরাপি সেবা নিতে দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করতে হয়, এখন সেই অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। এটি বিশ্ববিদ্যালয়ের একটি বড় অর্জন।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সৈয়দ আকরাম হোসেন বলেন, সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। রোগীদেরকে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়া নিশ্চিত করার সাথে চিকিৎসা সেবাকে সহজলভ্য করার বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সকল ধরনের ক্যান্সার চিকিৎসার বিশ্বমানের থেরাপেটিক গাইড লাইন তৈরি করা, দেশে প্রথমবারের মতো অর্গান বেইসড ট্রিটমেন্ট চালু করাসহ বহুমুখী উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন, অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডা. মোছা রোকাইয়া সুলতানা, সহকারী অধ্যাপক ডা. মো. রিফাত জিয়া প্রমুখ।

এসআইএস/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত