শিক্ষকতার সময়সীমা প্রমার্জন: অধ্যাপক হলেন বিএমইউর আরও ১৮ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক হিসেবে পদোন্নতির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ১৮ চিকিৎসকের সক্রিয় শিক্ষকতার সময়সীমা প্রমার্জনের প্রস্তাব অনুমোদন করেছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে কর্মরত নিম্নোক্ত শিক্ষকগণের অধ্যাপক পদে পদোন্নতির শর্ত হিসেবে সক্রিয় শিক্ষকতার সময়সীমা প্রমার্জন এর প্রস্তাবটি মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।’
চিঠি অনুযায়ী অনুমোদন পাওয়া ১৮ জন শিক্ষক হলেন—কলোরেক্টাল সার্জারি বিভাগের ডা. মু. সহিদুল ইসলাম, হেমাটোলজি বিভাগের ডা. মো. আদনান হাসান মাসুদ, কার্ডিওলজি বিভাগের ডা. লোহানী মো. তাজুল ইসলাম, অবস্ অ্যান্ড গাইনী বিভাগের ডা. রিফাত রহমান, ডা. সৈয়দা উম্মে কুলছুম, ডা. নিগার সুলতানা, ডা. খোদেজা খাতুন, ডা. কাজী ফারহানা বেগম, ডা. তানজিলা হালিম, ডা. সালমা আক্তার মুনমুন, ডা. রওশন আরা, ডা. সাবিহা ইসলাম এবং ডা. মোছা. আসমা-উল-হোসনা।
এ ছাড়া জেনারেল সার্জারি বিভাগের ডা. মো. সাইফুল ইসলাম ও ডা. মোহাম্মদ ফারুক ইশতিয়াক, ইন্টারনাল মেডিসিন বিভাগের ডা. মো. মিজানুর রহমান খান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ডা. শামসুন নাহার এবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ডা. সাইফুল আজম রয়েছেন এ তালিকায়।
চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অবহিত করা হলো।
এমআর/