১৪ জুলাই, ২০২৫ ০৩:১৭ পিএম
স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আন্দোলন

ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেলে ভর্তি ছাড়াই সময়সীমা শেষ

ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেলে ভর্তি ছাড়াই সময়সীমা শেষ
সোমবারও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ছবি সম্পাদনা: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে টানা ১৪ দিন ধরে আন্দোলন করছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়েছে মেডিকেলের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম। আন্দোলনরতদের বাধায় শূন্য আসন রেখেই নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে রাজধানীর মিরপুরের সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে দু‘টি বিভাগে ২৫ করে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। গতকাল রোববার (১৩ জুলাই) ২০২৪-২৫ সেশনে ৩৬তম ব্যাচের নতুন শিক্ষার্থী ভর্তির শেষ দিন ছিল। অচলাবস্থার কারণে শিক্ষার্থী ভর্তি নিতে পারেনি কলেজ প্রশাসন।

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে গত ১ জুলাই আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরও ঘেরাও করেন তারা। আন্দোলনে পূর্ণ সংহতি জানিয়েছে সকল ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক ও তাদের পেশাজীবি সংগঠনও।

আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত তারা আর কোন শিক্ষার্থীর ভবিষ্যত নষ্ট হতে দেবেন না। শিক্ষার্থী ও চিকিৎসকদের ভবিষ্যৎ সুরক্ষায় স্বতন্ত্র কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনাও করেন তারা। শেষ হওয়া ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা হলে ক্যাম্পাসে অবস্থান করে তা প্রতিহত করার কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

এ ছাড়া দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন এসব শিক্ষার্থী৷

জানতে চাইলে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. রাশিদুজ্জামান খান মেডিভয়েসকে বলেন, ‘আইন কাউন্সিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কলেজের একাডেমিক কার্যক্রম চলছে না। এ অবস্থায় ক্লাস-পরীক্ষাসহ শিডিউলভুক্ত কোনো কাজই হচ্ছে না। শিক্ষার্থীরা বলছে, ভর্তি কার্যক্রম চালানো যাবে না। আমরা প্রস্তুত ছিলাম, শিক্ষার্থীরাও এসেছিলেন, কিন্তু আমরা তা পারিনি। রোববার বিকেলে শিক্ষার্থী ভর্তির তারিখ শেষ হয়েছে।’

ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা পরবর্তীতে ভর্তির সুযোগ পাবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দেখার বিষয়। আমি অধিদপ্তরকে চিঠির মাধ্যমে জানিয়েছি যে আমরা শিক্ষার্থী ভর্তি নিতে পারিনি। অধিদপ্তর সিদ্ধান্ত নিবে।

এর আগে গত ২৭ জুন ইউনানী ও আয়ুর্বেদিক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের পর ৩ থেকে ১৩ জুলাই পর্যন্ত ভর্তির সময়সীমা বেঁধে দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত